| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সংকীর্ণভাবে দেখছে সরকার: জামায়াত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৬ ইং | ১৬:০৮:০৬:অপরাহ্ন  |  ২৬১০ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সংকীর্ণভাবে দেখছে সরকার: জামায়াত

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকারের পক্ষ থেকে সংকীর্ণভাবে মূল্যায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে বিরোধীদল সরকারের কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে এবং গণতান্ত্রিক চর্চার নতুন একটি উদ্যোগের বার্তা দিয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতের এই নেতা।

বিবৃতিতে হামিদুর রহমান আযাদ বলেন, ৭০ অনুচ্ছেদ বহাল রেখে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার কারণে বিরোধীদলের সংবিধান সংস্কার পরিষদে নেওয়া শপথ আর কার্যকর নেই সরকারের একজন মন্ত্রী এমন বক্তব্য দিয়েছেন। তবে এ যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

তার প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার কারণে যদি বিরোধীদলের শপথের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথ কীভাবে বৈধ থাকে? কারণ, ২০২৬ সালে সাংবিধানিক প্রক্রিয়ায় কোনো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে তিনি উল্লেখ করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণের বিষয়টি তাদের কাছে আগে থেকেই স্পষ্ট ছিল। নির্বাচনের ফলাফল কী হতে পারে, সে বিষয়েও তাদের ধারণা ছিল। তারপরও তারা নির্বাচনে অংশ নিয়েছে।

তার ভাষ্য, সরকারের কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানানো এবং গণতান্ত্রিক চর্চার নতুন উদ্যোগ হিসেবেই বিরোধীদল রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছে।

তিনি বলেন, ফলাফল সম্পর্কে ধারণা থাকার পরও জনগণের সামনে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা এবং গণতন্ত্রের দাবি আরও জোরালো করতেই তারা নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনকে শুধু ফলাফলের দৃষ্টিকোণ থেকে দেখলে বিরোধীদলের অংশগ্রহণের রাজনৈতিক তাৎপর্যকে খাটো করা হবে বলেও তিনি দাবি করেন।

জামায়াতের এই নেতা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণের মধ্য দিয়ে জনগণ নতুন করে উপলব্ধি করার সুযোগ পেয়েছে—বাংলাদেশের গণতন্ত্রকে কার্যকর, জবাবদিহিমূলক ও টেকসই করতে সংবিধান সংস্কার কেন প্রয়োজন।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিরোধীদলের নির্বাচনে অংশগ্রহণকে সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা না করে এর মধ্যকার গণতান্ত্রিক বার্তা উপলব্ধি করতে হবে।

ড. হামিদুর রহমান আযাদ আরও বলেন, জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে গণভোটের রায় বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। জনগণের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে কোনো সরকারই দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনা করতে পারে না।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া জরুরি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে একটি কার্যকর ও টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪