রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি সপ্তাহে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে। রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার পর থেকেই শুরু হয়েছে দল পুনর্গঠনের কার্যক্রম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে প্রয়োজনে বিভিন্ন পর্যায়ে পদায়ন ও দায়িত্বের রদবদল আনা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দলের সপ্তম জাতীয় কাউন্সিল সফলভাবে আয়োজন করা।
আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে হাইকমান্ড।দল পুনর্গঠনের এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে গত দুই মাসজুড়ে জেলা, উপজেলা ও মহানগরে কমিটি পুনর্গঠন শুরু করেছে বিএনপি। সংগঠনকে আরও সক্রিয় ও আধুনিক করতে তরুণ, মেধাবী ও ক্লিন ইমেজের নেতাদের সামনে আনা হচ্ছে।
এছাড়া নেতৃত্বে বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে ‘এক নেতা, এক পদ’ নীতি কার্যকর করার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। দল ও সরকারের মধ্যে কাজের ভারসাম্য বজায় রাখতে জিয়াউর রহমানের নীতি অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করছে দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, কাউন্সিল সামনে রেখে পুনর্গঠনের কাজ ধীরগতিতে হলেও ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। স্থায়ী কমিটি ও ভাইস চেয়ারম্যান পদের শূন্যতা পূরণের পাশাপাশি অঙ্গসংগঠনগুলোর নেতৃত্ব পুনর্গঠনের কাজও শুরু হয়েছে। সারা দেশের ইউনিটগুলো পুনর্গঠন শেষ হলে জাতীয় কাউন্সিলের তারিখ চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম