| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম ডুবলে হাঁটু পানিতে নেমে মেয়র-এমপিদের নাটক আর দেখতে চাই না: সারজিস

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৬ ইং | ১৪:৩৬:০৫:অপরাহ্ন  |  ২৪০ বার পঠিত
চট্টগ্রাম ডুবলে হাঁটু পানিতে নেমে মেয়র-এমপিদের নাটক আর দেখতে চাই না: সারজিস

রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও নগর অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। আগামী বর্ষার আগেই জলাবদ্ধতা, রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন, পানি ব্যবস্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নগরের মৌলিক সমস্যাগুলো সমাধানে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

একই সঙ্গে বর্ষা এলেই হাঁটু বা কোমর পানিতে নেমে জনপ্রতিনিধি ও প্রশাসনের লোক দেখানো কর্মকাণ্ডের সমালোচনা করে সারজিস আলম বলেন, “২০২৭ সালে চট্টগ্রাম ডুবলে হাঁটু বা কোমর পানিতে নেমে শুটিং করার যে নাটক দেখা যায়, তা আর দেখতে চাই না।”

সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, বর্ষা শেষ হয়ে শরৎ, হেমন্ত ও শীত এলেই চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা যেন সিটি করপোরেশনের প্রশাসক, এমপি, ক্ষমতাসীন দল ও মেয়রদের কাছে গুরুত্ব হারিয়ে ফেলে। কিন্তু পরবর্তী বর্ষায় আবার নগর ডুবে গেলে তাদের মাঠে নামতে দেখা যায়।

তিনি বলেন, কেউ হাঁটু বা কোমর পানিতে নামেন, কেউ নৌকা নিয়ে হাজির হন, আবার কেউ মাচা তৈরি করে পরিস্থিতি দেখান—এ ধরনের লোক দেখানো কর্মকাণ্ড আর দেখতে চান না তারা।

এই নাটক ২০২৭ সালে আমরা আর দেখতে চাই না। ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকেও দেখতে চাই না। এই চট্টগ্রামের মেয়র, প্রশাসক কিংবা এমপিদের কাছ থেকেও আর এই নাটক দেখতে চাই না, বলেন সারজিস আলম।

সারজিস আলম বলেন, সরকারের হাতে এখনো প্রায় এক বছর সময় রয়েছে। এই সময়ের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ও নগর ব্যবস্থাপনার সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব।

তার ভাষ্য, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রাম দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার অন্যতম লাইফলাইন। এমন একটি গুরুত্বপূর্ণ নগরীতে শুধু লোক দেখানোর স্বার্থে সেবা দেওয়ার চেষ্টা করলে নগরবাসীর এমন ‘সেবক’এর প্রয়োজন নেই।

তিনি বলেন, চট্টগ্রামবাসীর জন্য কার্যকর, বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। শুধু বর্ষা এলেই সাময়িকভাবে পানি সরানোর উদ্যোগ নয়, জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে যেতে হবে।

চট্টগ্রামের বিভিন্ন এলাকার রাস্তাঘাটের দুরবস্থার কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন সারজিস আলম। তিনি জানান, পানি নিষ্কাশন ব্যবস্থা থেকে শুরু করে নগরের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকার পরিস্থিতি তিনি ঘুরে দেখেছেন।

তার দাবি, নগরের অনেক সড়কের অবস্থা এতটাই খারাপ যে অসুস্থ কোনো ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার চেয়ে বাড়িতে থাকাই যেন ভালো—এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, নগরের উন্নয়ন বলতে শুধু নতুন স্থাপনা বা দৃশ্যমান কিছু প্রকল্প নয়; মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত রাস্তাঘাট, পানি নিষ্কাশন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নও নিশ্চিত করতে হবে।চট্টগ্রামের স্বাস্থ্যসেবা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা।

তিনি বলেন, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত একটি শহরের মানুষকে উন্নত চিকিৎসার জন্য কেন ঢাকায় যেতে হবে? চট্টগ্রাম যদি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নগরী হয়ে থাকে, তাহলে এখানকার মানুষের জন্যও মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।

সারজিস আলম বলেন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন ও পানি ব্যবস্থাপনাসহ নগরবাসীর মৌলিক প্রয়োজনগুলোকে গুরুত্ব দিতে হবে।

আগামী বর্ষার আগেই চট্টগ্রামের প্রধান সমস্যাগুলোর সমাধানে আগামী এক বছরের মধ্যে চট্টগ্রামকেন্দ্রিক একটি আলাদা মেগা পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান সারজিস আলম।

তার মতে, নগরের পানি নিষ্কাশন, রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন, পানি সরবরাহ, শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত পরিকল্পনার আওতায় আনতে হবে।

তিনি বলেন, চট্টগ্রামকে শুধু বাংলাদেশের গুরুত্বপূর্ণ নগরী নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে হলে লোক দেখানো কর্মকাণ্ড থেকে বেরিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

একই সঙ্গে চট্টগ্রামের জনপ্রতিনিধি, প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আগামী বর্ষার আগেই দৃশ্যমান ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে জাতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের প্রসঙ্গও তুলে ধরার কথা জানান সারজিস আলম।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪