| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি লাইনচ্যুত হলে ক্ষতি শুধু তাদের নয়, বাংলাদেশেরও: সারজিস

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৬ ইং | ২০:৩৪:৩৫:অপরাহ্ন  |  ৬১২ বার পঠিত
বিএনপি লাইনচ্যুত হলে ক্ষতি শুধু তাদের নয়, বাংলাদেশেরও: সারজিস

চাঁদপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, বিএনপির সমালোচনা করলেই দলটি মনে করে এনসিপি তাদের বিরোধিতা করছে। বিএনপি যদি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যায়, তাহলে এর ক্ষতি শুধু দলটির হবে না, পুরো বাংলাদেশের জন্যও ক্ষতিকর হবে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে এনসিপির জেলা শাখার উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির সমালোচনা করা হলে সেটিকে দলটির বিরুদ্ধে অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই। বরং কোনো রাজনৈতিক দল ভুল পথে গেলে তার সমালোচনা করা প্রয়োজন। কারণ কোনো একটি দলের ব্যর্থতার প্রভাব শেষ পর্যন্ত দেশের রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থার ওপর পড়ে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, সংসদে কিংবা সংসদের বাইরে লোকদেখানো বুলি বা বক্তব্যের ওপর নির্ভর না করে বাস্তবে কাজ করে দেখাতে হবে। তিনি যদি সব মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিতে হবে।

সারজিস আরও বলেন, মন্ত্রীদের নিজ নিজ দপ্তরের সঠিক তথ্য ও প্রতিবেদন সংসদে যথাযথভাবে উপস্থাপন করা উচিত। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল বা অস্পষ্ট তথ্য উপস্থাপন করলে জনগণের কাছে সরকারের জবাবদিহি প্রশ্নবিদ্ধ হয়।

ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, মূল হত্যাকারীদের ভারতে গ্রেপ্তার করা হলেও সংসদে তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে শুধু কথা বলা হচ্ছে। বিষয়টি বাস্তবতার নিরিখে স্পষ্ট নয় এবং এতে ধোঁয়াশা তৈরি হচ্ছে।

তিনি বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিশ্চিত বিচার না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয়। অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমানুল্লাহ পাটোয়ারীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদ সদস্য মো. আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পরিষদ সদস্য মো. সালেহ উদ্দিন সিফাত, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম।

সভায় এনসিপির জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪