| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার ২৩ টাকা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ১০:৫৪:৪১:পূর্বাহ্ন  |  ৩২১৮ বার পঠিত
ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার ২৩ টাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ২৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এ দর কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে দেশের বাজারে টানা কয়েক দফায় স্বর্ণের দাম কমার প্রবণতা অব্যাহত রয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে স্বর্ণের গহনা কেনার সময় গ্রাহকের কাছ থেকে নির্ধারিত দামের বাইরে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা, ডিজাইন ও কারুকাজের ধরন অনুযায়ী এর সঙ্গে মজুরি যুক্ত হবে।

এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় কিংবা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই নতুন মূল্য কার্যকর থাকবে।

এর আগে গত সোমবার (৩১ আগস্ট) সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৭২৩ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়।

অর্থাৎ, মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের সমন্বয় করা হলো। নতুন দর কার্যকর হওয়ায় স্বর্ণ কিনতে আগ্রহী ক্রেতাদের জন্য বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪