| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুরে শিক্ষক পরিবার খুন

চুরির জন্য ছাদে অপেক্ষা, দেখে ফেলায় একে একে ৪ জনকে হত্যা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১৫:৩৫:৫৬:অপরাহ্ন  |  ৪৬৯ বার পঠিত
চুরির জন্য ছাদে অপেক্ষা, দেখে ফেলায় একে একে ৪ জনকে হত্যা

রিপোর্টার্স২৪ ডেস্ক: রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার পেছনে চুরির পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিশ। বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন দুই আসামি। বাড়ির ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় প্রথমে তাকে হত্যা করা হয়। পরে একে একে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তারা।

দীর্ঘ তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) হত্যাকাণ্ডের এমন বিবরণ উঠে এসেছে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।

আলোচিত এ হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা দুজনই রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, গ্রেপ্তার দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাদের জবানবন্দির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরে গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও তদন্তে হত্যাকাণ্ডের পেছনে চুরির উদ্দেশ্য থাকার বিষয়টি উঠে এসেছে। গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও নিয়মিত স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য থেকেই দুই আসামি ওই বাড়িতে চুরির পরিকল্পনা করেন।

তিনি জানান, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে প্রবেশ করেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটিও হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাঁতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারা ছাদে অপেক্ষা করতে থাকেন। এ সময় তারা ইয়াবা সেবন করেন বলেও তদন্তে উঠে এসেছে।

একপর্যায়ে ছাদে শব্দ পেয়ে সেখানে যান গণপতি চক্রবর্তী। এ সময় তিনি দুই আসামিকে দেখে ফেলেন। তখন তার গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, গণপতিকে হত্যার পর শব্দ শুনে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগমী চক্রবর্তী ছাদে আসেন। পরে তাদেরও হত্যা করেন দুই আসামি। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়।

উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আগমী চক্রবর্তীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়েছিল। পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চুরি হওয়া নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা।

পরবর্তী সময়ে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে আসামিদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে প্রায় ৩৫টি নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষায় পরিবারের সদস্য ও দুই আসামির বাইরে অন্য কোনো ব্যক্তির ডিএনএ শনাক্ত হয়নি বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। ওই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। বর্তমানে হিসাব দুটি জব্দ অবস্থায় রয়েছে।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে। এরপর অভিযোগ গঠন করা হবে। বিচার কার্যক্রম শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।

তবে পুলিশের দেওয়া তদন্তের ব্যাখ্যায় সন্তুষ্ট নন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তার দাবি, শুধু টাকা ও স্বর্ণালংকার চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে এমন ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়। এ ঘটনার পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারে।

গোপীনাথ চক্রবর্তী বলেন, চুরির জন্য চারজনকে হত্যা করার বিষয়টি একটি খোঁড়া অজুহাত। শুরু থেকেই তারা বলে আসছেন, দুই ব্যক্তির পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানানো হলেও তাদের বক্তব্য গুরুত্ব পায়নি।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগমী চক্রবর্তী ও ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তী।

এ ঘটনায় একই এলাকার প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।

পুলিশ জানিয়েছে, দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাশাপাশি ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন নমুনার সঙ্গে তাদের ডিএনএর মিল পাওয়া গেছে। এর আগে হত্যাকাণ্ডের নয় দিন পর সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্ট করা হলেও তাদের শরীরে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়নি।

তবে হত্যাকাণ্ডে দুই আসামির সম্পৃক্ততা নিয়ে পুলিশের বক্তব্যের পাশাপাশি শুরু থেকেই সন্দেহ প্রকাশ করে আসছেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দুই ব্যক্তির পক্ষে একই পরিবারের চারজনকে হত্যা করা অবিশ্বাস্য। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন স্বজন, স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪