| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফটোসেশনের রাজনীতি করি না, ছয় মাসেই সব কাজ শেষ হয় না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৬ ইং | ১৪:২০:৪৭:অপরাহ্ন  |  ১২৮৫ বার পঠিত
ফটোসেশনের রাজনীতি করি না, ছয় মাসেই সব কাজ শেষ হয় না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিরোধী দলের সমালোচনার জবাবে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস হয়েছে। এই সময়ের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে এমন প্রত্যাশা করা ঠিক নয়। সরকার ফটোসেশনের রাজনীতি করে না; বাস্তব কাজের মাধ্যমে জনগণের সমস্যার সমাধান করতে চায়।

তিনি বলেন, ‘সরকারের দায়িত্ব নিয়েছি মাত্র ছয় মাস হয়েছে, এর মধ্যে সব কাজ শেষ হয়ে যায়নি। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কি হয়ে গেছে? বলার সুযোগ আছে? এটা তো বিরোধী দলের বোঝা উচিত। ছয় মাসের মাথায় উনারা লংমার্চ করবেন। আমরা ফটোসেশনের রাজনীতি করি না, ফটো শো’র রাজনীতিও করি না।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সারাদেশে ময়লা-নালা-খাল ও জলাশয় পরিষ্কারের অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ্যানি বলেন, ‘আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করব। অনেক নেতা ছিলেন, অনেকে নিজেকে দূরদর্শী নেতা মনে করেন। কিন্তু ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে দেশের মানুষকে সুবিধা দেওয়ার কাজ কেউ করেননি।’

খাল পুনঃখননের সুফল মানুষ ইতোমধ্যে পেতে শুরু করেছে দাবি করে পানিসম্পদ মন্ত্রী বলেন, খাল পুনঃখননের ফলে পানি নিষ্কাশনসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষ সুবিধা পাচ্ছে। জলাবদ্ধতা নিরসন ও পানি প্রবাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনা থেকেই দেশের ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ হাতে নেওয়া হয়েছে এবং এরই মধ্যে তা শুরু হয়েছে। ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করা হবে।

কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম মামুন এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪