কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ‘ভয় নেই রক্তদানে, এগিয়ে আসি মানবতার কল্যাণে’—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন অল বাংলাদেশ ব্লাড ডোনেট ফাইটার্সের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের পৌর পাঠাগার মিলনায়তনে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন।
অল বাংলাদেশ ব্লাড ডোনেট ফাইটার্সের প্রতিষ্ঠাতা পরিচালক তারিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর গ্রীন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আজিজুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
জানা যায়, সংগঠনটিতে একজন পরিচালক ও ১৪ জন সদস্য রয়েছেন। সদস্যদের সহযোগিতায় সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে অনেকেই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতাও করে থাকেন।
পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে অতিথিরা সংগঠনের সদস্যদের মাঝে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব