চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের ছয় সদস্য। এ সময় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিমও আহত হন। পুলিশের দাবি, অভিযানের সময় বগা একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যান। তবে অভিযানের কয়েক ঘণ্টা পরই নিজ এলাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত হন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ওয়্যারলেস এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, বগার বিরুদ্ধে কলেজের এক শিক্ষককে মারধরের অভিযোগে সম্প্রতি একটি নিয়মিত মামলা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আগের কয়েকটি অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
ওসি আব্দুর রহিম বলেন, এসব মামলার ভিত্তিতে শুক্রবার ভোররাতে বগাকে গ্রেপ্তারে ওয়্যারলেস মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বগার অনুসারীরা মূল সড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান নেয়।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্র হামলাকারীরা ইটপাটকেল, কাঁচের বোতল ও ককটেলসদৃশ বিস্ফোরক ছুড়তে থাকে। এ সময় পুলিশের সরকারি গাড়িতে ভাঙচুর চালানো হয়। হামলাকারীদের ইটের আঘাতে ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বগার বাসভবনে গোপন সুড়ঙ্গ পাওয়ার দাবি করে ওসি বলেন, পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে তার বাসায় একটি গোপন সুড়ঙ্গ ও পালানোর পথের সন্ধান পায়। পুলিশ পৌঁছানোর আগেই ওই পথ ব্যবহার করে বগা পালিয়ে যান।
এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও বগাকে গ্রেপ্তারের অভিযান চলার কয়েক ঘণ্টা পর শুক্রবার দুপুর আনুমানিক ৩টার দিকে ওয়্যারলেস এলাকার ২ নম্বর রোডের মুখে তার ছোট ভাইয়ের অফিসে সংবাদ সম্মেলন করেন বগা। এতে স্থানীয় ও অনলাইন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বগা খুলশী থানার ওসি আব্দুর রহিমকে দ্রুত অপসারণের দাবি জানান। এ সময় তার সঙ্গে খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মনির হোসেন ইমনও উপস্থিত ছিলেন। তারা ওসিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাকে চাকরি থেকে অপসারণের দাবি জানান।
এর আগে বগার সঙ্গে খুলশী থানার ওসির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ওসিকে গালাগাল ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তবে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বগার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপকমিশনার মো. হাসান মোস্তফা স্বপন বলেন, বগাকে কোনো ছাড় দেওয়া হবে না। তাকে আইনের আওতায় আনা হবে। শুক্রবারের ঘটনায় দায়ের হওয়া মামলা ছাড়াও তার বিরুদ্ধে থাকা আগের সব মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা পর্যালোচনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/রাফিদ