| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ল ১১ পরিবারের ঘর, গণপিটুনির শিকার অভিযুক্ত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ইং | ১২:০১:৫০:অপরাহ্ন  |  ২২৩৬ বার পঠিত
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ল ১১ পরিবারের ঘর, গণপিটুনির শিকার অভিযুক্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক বিরোধের জেরে এক মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাসাবাড়ি এলাকার আশক আলী ব্যাপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল হোসেন এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। মাদকের টাকা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর প্রায়ই বিরোধ হতো। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে তিনি নিজের ঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ ওঠে। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়লে ১১টি পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

খবর পেয়ে রায়পুর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুন দেওয়ার অভিযোগে স্থানীয়রা সোহেলকে আটক করে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে সোহেল নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। পরে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে এবং ১১টি পরিবারের বসতঘর পুড়ে যায়। স্থানীয়দের গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪