সিলেট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও বাংলাদেশ থেকে পাচারকালে পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (০৬ সেপ্টেম্বর ২০২৬) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং কালাইরাগ বিওপি এলাকায় এই বিশেষ অভিযানগুলো পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি ও সবজি জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় টি-শার্ট, সোয়েটার ও জিন্স প্যান্টও আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির কঠোর আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত চোরাচালানি মালামালের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।
রিপোর্টার্স২৪/ঝুম