| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি থেকে অর্থ যোগান নিবে ইউক্রেন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৬ ইং | ১১:৩৪:২৬:পূর্বাহ্ন  |  ১৪৫২ বার পঠিত
যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি থেকে অর্থ যোগান নিবে ইউক্রেন

ইন্টারন্যাশনাল ডেস্ক:  রাশিয়ার সঙ্গে যুদ্ধের ব্যয় সামলাতে নতুন রাজস্বের পথ খুঁজছে ইউক্রেন। এরই মধ্যে দেশটির প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পকে বৈধ অর্থনীতির আওতায় এনে কর আদায়ের একটি প্রস্তাব পার্লামেন্টে উঠেছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বছরে সর্বোচ্চ দু’কোটি ৫০ লাখ ডলার কর আদায় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের পার্লামেন্টের অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান ও বিলটির অন্যতম প্রণেতা ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াকের হিসাবে, এই অর্থ দিয়ে প্রায় ৩০ হাজার সামরিক ড্রোন কেনার খরচ জোগানো সম্ভব। বিষয়টি নিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

বর্তমানে ইউক্রেনে পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ বা বিতরণ বেআইনি। এ ধরনের অপরাধে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তবে আইনি নিষেধাজ্ঞা থাকলেও অনলাইনে দেশটির প্রাপ্তবয়স্ক কনটেন্টের ব্যবসা দ্রুত বড় হয়েছে।

এখানেই তৈরি হয়েছে বড় ধরনের আইনি জটিলতা। যারা এই খাত থেকে আয় করছেন, তাদের আয় কর কর্তৃপক্ষের কাছে ঘোষণা করলে সেই তথ্যের ভিত্তিতে পর্নোগ্রাফি-সংক্রান্ত অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকছে।

ঝেলেজনিয়াক এই পরিস্থিতিকে ‘দুঃখজনক ও হাস্যকর’ বলে বর্ণনা করেছেন। তার ভাষায়, সংশ্লিষ্টদের হয় আয় গোপন রেখে কর না দেওয়ার কারণে মামলার মুখোমুখি হতে হচ্ছে, নয়তো আয় ঘোষণা করে পর্নোগ্রাফি আইন ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হওয়ার ঝুঁকি নিতে হচ্ছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের উদ্ধৃত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ৭ হাজার ৯০০ ইউক্রেনীয় নাগরিক ওনলি ফ্যানস থেকে ১৩ কোটি ১০ লাখ ডলারের বেশি আয় করেছিলেন। প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান ফেনিক্স ইন্টারন্যাশনালের তথ্যের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে।

কর আদায়ের চেষ্টা করতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আয় ঘোষণা করা কয়েকজনকে পরে কর ফাঁকির পাশাপাশি অবৈধভাবে প্রাপ্তবয়স্ক কনটেন্ট তৈরির অভিযোগে চিঠি পাঠিয়েছে কিয়েভের কর্তৃপক্ষ।

এই শিল্পকে ঘিরে দুর্নীতির অভিযোগও রয়েছে। ইউক্রেনের সরকারি কৌঁসুলির দপ্তর সম্প্রতি তিনটি অঞ্চলে কর্মকর্তাদের ঘুষ নেওয়ার কয়েকটি ঘটনা শনাক্ত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ক্ষেত্রে ঘুষের পরিমাণ ২০ হাজার ডলার পর্যন্ত ছিল বলে অভিযোগ রয়েছে।

প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা সভিতলানা দ্বোরনিকোভা নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। তার দাবি, এক সকালে মেয়েকে স্কুলে পাঠানোর প্রস্তুতির সময় পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ২০ হাজার ডলার নগদ অর্থ, ল্যাপটপ ও হার্ডড্রাইভ জব্দ করা হয়।

দ্বোরনিকোভার দাবি, কর্মকর্তাদের কাছে ওয়েবক্যাম মডেলদের একটি তালিকা এবং তাদের ঠিকানাও ছিল। পরে মামলা থেকে রেহাই পাওয়ার বিনিময়ে তাকে ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এ ধরনের আইনি অনিশ্চয়তার কারণে কয়েকজন কনটেন্ট নির্মাতা ইউক্রেন ছেড়ে ইউরোপের অন্য দেশে চলে গেছেন বা সাময়িকভাবে সেখানে অবস্থান করছেন।

কর আইনজীবী লেসিয়া মিখালেঙ্কো, যিনি শতাধিক ওনলি ফ্যানস নির্মাতার হয়ে কাজ করেছেন, মনে করেন যুদ্ধের সময়ে এই ধরনের মামলা পরিচালনা করা সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নয়। তার মতে, এতে আইনব্যবস্থার ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি হচ্ছে।

দ্বোরনিকোভা বিষয়টি সরাসরি সরকারের কাছেও তুলেছেন। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়েবসাইটে একটি আবেদন করেন তিনি। নিজেকে নিয়মিত করদাতা হিসেবে উল্লেখ করে তার দাবি ছিল, প্রায় ৯ লাখ ডলার কর দেওয়ার পরও তাকে অপরাধী হিসেবে বিবেচনা করা উচিত নয়।

আবেদনটি দ্রুত সাড়া ফেলে। এক সপ্তাহের মধ্যে এতে ২৫ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে। এরপর জেলেনস্কি জানান, পর্নোগ্রাফি বৈধ করার প্রস্তাবটি পার্লামেন্টে বিবেচনা করা হবে।

ঝেলেজনিয়াকসহ কয়েকজন আইনপ্রণেতার যৌথ উদ্যোগে তৈরি বিলটি গত জুলাইয়ে পার্লামেন্টে প্রথম দফার অনুমোদন পেয়েছে। এখন দ্বিতীয় দফার ভোটের অপেক্ষায় রয়েছে।

ইউক্রেনের যুদ্ধকালীন প্রতিরক্ষা ব্যয় বছরে প্রায় ১২০ বিলিয়ন ডলার বলে জানিয়েছে দেশটির সরকার। সেই তুলনায় সম্ভাব্য ২ কোটি ৫০ লাখ ডলার খুবই সামান্য। তবে বিলটির সমর্থকদের যুক্তি, যে শিল্প ইতোমধ্যে বড় পরিসরে কার্যক্রম চালাচ্ছে, সেটিকে আইনি কাঠামোর মধ্যে এনে করের আওতায় আনলে রাজস্ব বাড়ানোর পাশাপাশি দুর্নীতি কমানো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চাপ কমানো সম্ভব হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪