| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ইং | ১৬:০২:২২:অপরাহ্ন  |  ১৩৪০৭ বার পঠিত
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদে সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। তিনি জানান, নতুন নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দিচ্ছে বাংলাদেশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো সংসদীয় কমিটি পর্যালোচনা করছে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আগ্রহী বাংলাদেশ। দুই দেশের মধ্যে নতুন কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা।

ভারত সীমান্তে বেসামরিক মানুষ হত্যা ও তাদের নিরাপত্তার বিষয়টি কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে বলেও জানান তিনি।

এ ছাড়া পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের সঙ্গে সরকার কাজ করছে বলে জানান হুমায়ূন কবির।

প্রসঙ্গত, গত বুধবার ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

২০২৩ সালের নভেম্বরে সদস্যদেশগুলোর ভোটে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদে নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। পরের বছরের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের জুলাইয়ে ডব্লিউএইচও সায়মা ওয়াজেদকে অবৈতনিক ছুটিতে পাঠায়।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪