| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১৩:৩৩:৫৯:অপরাহ্ন  |  ১৭৫ বার পঠিত
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১

রিপোর্টার্স২৪ ডেস্ক: মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরে পার হতে গিয়ে আলমগীর দেওয়ান নামে আরও একজন নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলি ও একের পর এক ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত হন সেলিম। তিনি চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগে গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার ভোরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। অন্যদিকে রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

ঘটনার বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত সেলিমের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরে পার হতে গিয়ে আলমগীর দেওয়ান নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সংঘর্ষের সময় নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে মেঘনার মাঝনদীতে নিখোঁজ হন আলমগীর দেওয়ান। তার সন্ধানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪