| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোটের রায় অস্বীকার করে বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে: এ টি এম আজহার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ১৯:০৩:১৩:অপরাহ্ন  |  ১০৩ বার পঠিত
গণভোটের রায় অস্বীকার করে বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে: এ টি এম আজহার

বগুড়া প্রতিনিধি: গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে তারা গণভোটের রায়কে অস্বীকার করেছে। এর মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা বারবার জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি। কিন্তু বিএনপি নানা অজুহাতে তা করছে না। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি। বারবার প্রতিবাদ করার পরও তারা এতে কর্ণপাত করছে না।’

তিনি আরও বলেন, ‘এ কারণেই আমরা রাস্তায় নেমেছি। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা ঢাকা-রংপুর লংমার্চ ঘোষণা করেছি। আমরা আশা করছি, জনগণ রাস্তায় নেমে আসলে সরকার রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন করবে।’

বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার অর্থ পাচার, লুটপাট, দলীয়করণ, গুম, খুন ও বিচারিক হত্যাসহ সব ধরনের অপকর্মের মাধ্যমে দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কিন্তু এখন কী হচ্ছে? পরিবর্তনের জন্য নির্বাচিত সরকার কী করছে? তারাও একই পথে হাঁটছে।’

তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি, ব্যবসা-বাণিজ্যের সিন্ডিকেটের প্রভাব, হত্যা, ধর্ষণ ও দলীয়করণের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে। বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

এ টি এম আজহারুল ইসলাম আরও বলেন, ‘কুরআনের হেবা আইন পরিবর্তনের মাধ্যমে ইসলামপ্রিয় জনতার হৃদয়ে আঘাত হানা হয়েছে। এসব কারণে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য সংসদের ভেতরে-বাইরে আন্দোলনে নেমেছে। আমরা আশা করছি, সরকারের টনক নড়বে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, বগুড়া অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমির আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, নাটোর জেলা আমির মীর নুরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা শাহিনুর আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাজগঞ্জ জেলা আমির মুফতি আব্দুর রউফ, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, এনসিপির সিরাজগঞ্জ জেলা শাখার সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন এবং বগুড়া মহানগর ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলামসহ অনেকে।

সংবাদ সম্মেলনে সাংবাদিক ও উত্তরাঞ্চলের সাধারণ মানুষের প্রতি ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সহযোগিতার আহ্বান জানানো হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪