সিলেট প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে এনে এক কিশোরী (১৬) নৃত্যশিল্পীকে চলন্ত নৌকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
গত ১৫ সেপ্টেম্বর রাতে সিলেটের বিয়ানীবাজার এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে আসামি মুজাহিদকে (১৮) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মুজাহিদ সরাইল উপজেলার সুজানগর গ্রামের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তি ও পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্রে গত ১০ সেপ্টেম্বর কুমিল্লার চান্দিনা এলাকার ওই কিশোরী নৃত্যশিল্পীকে সরাইলে এক অনুষ্ঠানে পারফর্ম করার চুক্তিতে ডেকে আনে অভিযুক্তরা।
চুক্তি অনুযায়ী ওই দিন বিকেলে ভুক্তভোগী সরাইলে পৌঁছালে তাকে ও তার সঙ্গীদের শাহবাজপুর ব্রিজের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় তুলে নেওয়া হয়।
নৌকাটি তিতাস নদীর মাঝপথে পৌঁছালে চালক কৌশলে ইঞ্জিন বন্ধ করে দেয় এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
এ সময় সঙ্গে থাকা স্বজনেরা বাধা দেওয়ার চেষ্টা করলে আসামিরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং পরবর্তীতে নদীর তীরে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হলে ছায়াতদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ এবং পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা প্রধান আসামি মুজাহিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি অপরাধের সত্যতা স্বীকার করায় তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম