নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের খবর ছড়িয়ে পড়লে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি-সংলগ্ন সাবেক কাউন্সিলর সাগরের কার্যালয়ে পুলিশ সদস্যরা প্রবেশ করেন। সাগরকে গ্রেপ্তার করতে পুলিশ এসেছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিভিন্ন স্থান থেকে জড়ো হয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেন।
একপর্যায়ে সাগরের গ্রেপ্তার ঠেকাতে কার্যালয়ের সামনে টেবিল বসিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় দোকানীরা জানান, পরবর্তীতে খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থানের পর পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়। পরে পুলিশ চলে গেলে স্থানীয় লোকজন সড়ক থেকে টেবিল সরিয়ে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী বলেন, রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ফয়সাল মোহাম্মদ সাগরকে আটক করতে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি দেখে তার সমর্থকেরা পরিস্থিতি উত্তপ্ত করেন। সাবেক কাউন্সিলর সেখানে না থাকায় পুলিশ ফিরে আসে।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ফয়সাল মোহাম্মদ সাগরকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালায়। তবে তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।
এদিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ফয়সাল মোহাম্মদ সাগরের আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের ছবি তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়।
রিপোর্টার্স২৪/ধ্রুব