বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কিত ভিডিও ও এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাঁর ৮ ভাই-বোন ও পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মৃতের ভাই ও তহশিলদার মো. মিজানুর রহমান।
লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, তাঁর ছোট ভাই কামরুজ্জামান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ভবঘুরে জীবনযাপনে অভ্যস্ত কামরুজ্জামান নেশার টাকা জোগাতে নিজের অংশের প্রায় সব সম্পত্তি বিক্রি করে দেন। পরবর্তী সময়ে টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন বলেও দাবি করেন তিনি।
মিজানুর রহমানের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে কামরুজ্জামান তাঁর আরেক ভাই বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ওবায়দুর রহমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির রাজনৈতিক অনুসারী হওয়ায় কামরুজ্জামান নেশাগ্রস্ত অবস্থায় প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিথ্যা ও ভিত্তিহীন লাইভ ভিডিও প্রচার করেন বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, লাইভ ভিডিও প্রচারের কয়েক দিন পর গত ৭ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে কামরুজ্জামানকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ১০ সেপ্টেম্বর তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। পরে ১৫ সেপ্টেম্বর পুনরায় অসুস্থ হয়ে পড়লে পরদিন ১৬ সেপ্টেম্বর ভোরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পরিবারের দাবি, কামরুজ্জামানের অসুস্থতা ও মৃত্যুকে কেন্দ্র করে একটি মহল পরিবারের সম্মানহানির উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ