টাঙ্গাইল প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে বর্তমান সরকার নতুনভাবে নতুন কুঁড়ি চালু করেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে- ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ ধরনের সংবর্ধনার আয়োজনে শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি আরও উৎসাহিত হবে এবং ক্লাসের প্রতি আগ্রহী করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলকে চাঁদাবাজমুক্ত , কিশোর গ্যাং এর বিস্তাররোধ ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসাতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এসময় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রিজুয়ান সিদ্দিকীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
রিপোর্টার্স২৪/ঝুম