| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা চাঁদা দাবি, ফ্রান্স রুবেলসহ গ্রেপ্তার ৪

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং | ১৭:২৯:০৫:অপরাহ্ন  |  ৯০ বার পঠিত
ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা চাঁদা দাবি, ফ্রান্স রুবেলসহ গ্রেপ্তার ৪

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে স্থানীয় সংসদ সদস্যের জোনাইল ইউনিয়নের সাবেক প্রতিনিধি রুবেল হোসেন ওরফে ফ্রান্স রুবেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার জোনাইল ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রুবেল হোসেন ওরফে ফ্রান্স রুবেল (৩৭), তিনি চৌমহান এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে; সাগর আহমেদ ওরফে সোহান (২৮), সোহাগ আহমেদ (৩৪), তাদের বাবা জিয়াউদ্দিন আহমেদ এবং হারুন অর রশিদ (৩৯), তিনি দেলোয়ার হোসেনের ছেলে। তাদের সবার বাড়ি উপজেলার চৌমহান এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জোনাইল বাজার এলাকায় মাছ বোঝাই একটি গাড়ি আটকে ৩ লাখ ৬০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। এ ঘটনায় সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ী বড়াইগ্রাম থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তদন্তে নামে। পরে শুক্রবার অভিযান চালিয়ে ঐ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রুবেল হোসেন ওরফে ফ্রান্স রুবেল কিছুদিন আগে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজের জোনাইল ইউনিয়নের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলেও সূত্রটি জানিয়েছে।

এদিকে গ্রেপ্তার হওয়া সাগর আহমেদ ওরফে সোহানকে স্থানীয়ভাবে কথিত ‘জিনের বাদশা’ হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার, প্রলোভনের মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ নেওয়া এবং মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও স্থানীয়ভাবে রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি এবং বিষয়গুলো তদন্তাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। এসব ঘটনায় এলাকায় উদ্বেগও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪