| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং | ১৫:৩৫:০০:অপরাহ্ন  |  ২৫৮ বার পঠিত
রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান

রিপোর্টার্স২৪ ডেস্ক: জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও বিএনপি সেটিকে ক্ষমতা হিসেবে দেখে না, বরং দায়িত্ব হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

তিনি বলেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ আবারও বিএনপির প্রতি আস্থা রেখেছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এটা ক্ষমতা না, এটা দায়িত্ব। জনগণের প্রয়োজন মেটানো, তাদের কষ্ট লাঘব করা এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের জনগণের বিভিন্ন দুর্যোগ ও সংকটে বিএনপি সব সময় মানুষের পাশে থেকেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সংগ্রামে দলটি কার্যকর ভূমিকা পালন করেছে। জনগণের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই দেশের মানুষ বারবার বিএনপির প্রতি আস্থা রেখেছে।

তিনি বলেন, ১৯৭৫ সালের জানুয়ারিতে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়েছিল। পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। ১৯৮২ সালে সামরিক শাসন জারি হওয়ার পরও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যায়। ১৯৯১ সালের নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে পুনরায় বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি যখনই সংকটে পড়েছে, তখন তা পুনরুদ্ধার ও উন্নয়নে বিএনপি ভূমিকা রেখেছে। বর্তমান সরকারও দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচিত সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিতে বাধা সৃষ্টি হলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষই। তাই দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিরোধী দলগুলোর প্রতি গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কোনো কর্মসূচির সমালোচনা করার পাশাপাশি বিকল্প ও উন্নত প্রস্তাবও তুলে ধরা উচিত। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করলে জনগণের কোনো উপকার হয় না। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির কোনো ত্রুটি থাকলে তা চিহ্নিত করার পাশাপাশি আরও কার্যকর পরিকল্পনা দেওয়া প্রয়োজন।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, সন্ত্রাস, অপরাধ ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে এবং গণতান্ত্রিক প্রতিরোধ অব্যাহত রাখতে হবে।

প্রতিবাদ সমাবেশে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪