রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নুর ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম ওই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত সলেমান শেখের ছেলে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে বসন্তপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় যান নুর ইসলাম। পরে রাত ১১টার দিকে ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী কমিউটার ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) প্রকাশ কুমার সরকার সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ