নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় কৃষক মানসুর মোল্যাকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হাসিব মোল্যা (২০) থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কালিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। হাসিব উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষক মানসুর মোল্যা হত্যাকাণ্ডে অভিযুক্ত হাসিব মোল্যা থানায় আত্মসমর্পণ করেছেন। তবে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে দাবি করেন ওসি।
তবে নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তাদের ভাষ্য, গত শুক্রবার পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কাসেদ মোল্যার সঙ্গে হাসিবের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাসিব কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন।
এরপর শনিবার রাত ১০টার দিকে হাসিব কদমতলা ত্রি-মোহনা মোড়ের একটি দোকানে গেলে কাসেদ মোল্যার চাচাতো ভাই মানসুর মোল্যা ও নূর ইসলাম তার কাছে কাসেদকে মারধরের কারণ জানতে চান। এ সময় হাসিব ধারালো ছুরি বের করে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন স্বজনরা।
হামলায় গুরুতর আহত মানসুরকে চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে তিনি মারা যান। আহত নূর ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মানসুর কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে।
ইউপি সদস্য কাসেদ মোল্যা বলেন, হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে মাদক সেবন করতে নিষেধ করায় সে ক্ষিপ্ত হয়ে তাকে লাঞ্ছিত করে। পরে মানসুর ও নূর ইসলামকে ছুরিকাঘাত করে। হাসিবের সঙ্গে তাদের কোনো পূর্ববিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।
রিপোর্টার্স২৪/রাফিদ