উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক বাবু সুশীল বড়াল তাঁর প্রতিষ্ঠান মেসার্স বড়াল ট্রেডার্সের নামে সার ডিলার হওয়ার জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।
একই ডিলারশিপের জন্য হাওলাদার এন্টারপ্রাইজের নামে আবেদন করেছেন হারতা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।
নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতার সার ডিলারশিপের আবেদনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের পদধারী ব্যক্তি সরকারি ব্যবস্থাপনার আওতাধীন সার ডিলারশিপের জন্য কীভাবে আবেদন করার সুযোগ পেলেন এবং তাঁর আবেদন কীভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে।
হারতা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফিরোজ বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি প্রযোজ্য সরকারি নীতিমালা যাচাই করা প্রয়োজন। তিনি নিষিদ্ধ সংগঠনের নেতা সুশীল বড়ালের আবেদনসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র যাচাই করে তা বাতিলের দাবি জানান। অন্যথায় বিষয়টি কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারিও দেন তিনি।
এদিকে একই ডিলারশিপে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ছাত্রদল নেতার প্রতিষ্ঠানের আবেদনকে ঘিরে হারতা ইউনিয়নে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে জানতে বাবু সুশীল বড়ালের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/রাফিদ