| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৬ ইং | ১৮:৫৮:৪২:অপরাহ্ন  |  ৩৬২ বার পঠিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি: ‘ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা: তথ্য মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা’—প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে এবং নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর সহযোগিতায় সদর উপজেলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ধনেশ্বর দেওয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা।

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার শুধু তথ্য পাওয়ার সুযোগ নয়; এটি নাগরিকের ক্ষমতায়ন, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠান কীভাবে কাজ করছে, জনগণের অর্থ কোথায় ও কীভাবে ব্যয় হচ্ছে এবং নাগরিক সেবা কীভাবে দেওয়া হচ্ছে—এসব বিষয়ে আইনসম্মত তথ্য জানার সুযোগ নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল করে তোলে।

বক্তারা আরও বলেন, ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে ভুল, অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্যও দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এ অবস্থায় নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই এবং সঠিক তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে কার্যকরভাবে জনসচেতনতা তৈরি করা সম্ভব।

সভায় নাগরিকদের তথ্য অধিকার আইন সম্পর্কে জানার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আইনসম্মতভাবে প্রয়োজনীয় তথ্য চাওয়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তথ্য প্রকাশ ও সরবরাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সিনিয়র প্রকল্প অফিসার পল ত্রিপুরাসহ ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪