| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর: ভূমিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৬ ইং | ১৬:২২:৫২:অপরাহ্ন  |  ১৫২৭ বার পঠিত
দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর: ভূমিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, দিল্লির শাসন বা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান নেই। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।

তিনি বলেন, বাংলাদেশ আল্লাহর জমিন। দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর। যাদের হেডকোয়ার্টার দিল্লিতে, তাদের দিল্লিতেই চলে যেতে হবে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মওদুদী প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, মওদুদীকে ব্রিটিশরা তৈরি করেছে এবং তিনি ভারতের দালাল ছিলেন। মুসলমানদের বিভক্ত করার জন্যই তাকে তৈরি করা হয়েছিল।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বশীলদের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তারা ফ্যাসিস্ট সরকারের কাছে আত্মসমর্পণ করে গোপনে তাদের সুপ্রতিষ্ঠিত করেছে এবং দেশের ভেতর থেকেই ক্ষতি করেছে। তার দাবি, ১৯৯৬ সালের ষড়যন্ত্রের মতো আগামী ডিসেম্বরেও একই ধরনের চক্রান্তের পরিকল্পনা করা হচ্ছে।

আগামী নির্বাচন প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে দলের হাইকমান্ডের নির্দেশনা মেনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।

১৯৯১ সালের নির্বাচনে ধানের শীষের ভোট চুরির অভিযোগ তুলে তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসার কারণে আগামী নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীরা ভালো ফল করবেন।

আলেম-ওলামাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা বসে আছেন, তাদের সরিয়ে আগামীতে ঈদগাহ, বড় মসজিদ ও ধর্মীয় অনুদানসংক্রান্ত দায়িত্ব আলেম ওলামাদের হাতে তুলে দেওয়া হবে।

মিনু বলেন, জেলা পরিষদ সিটি করপোরেশন এবং মন্ত্রী-এমপিরা জনগণের যেকোনো কঠিন সময়ে পাশে থাকবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ, স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, গত ১৭ বছরে যারা নির্যাতন চালিয়েছে এবং দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, তাদের অপকর্ম ভুলে গেলে চলবে না।

দলের ভেতরে কাদা ছোড়াছুড়ি ও বিতর্কিত কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সংগঠনের ঐক্য ধরে রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ধর্ম সম্পর্কে জ্ঞানকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টার বিরুদ্ধে আলেম-ওলামাদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ওলামা দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।

জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা তাজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

ওলামা দল রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ওলামা দল রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আবেদ হাসান মুন্না, সদস্যসচিব হাফেজ ফরহাদুল ইসলাম পরাগ, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্যসচিব রফিকুল ইসলাম রবি এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনিসহ ওলামা দলের জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪