| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: শামা ওবায়েদ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৬ ইং | ২৩:১৫:২৮:অপরাহ্ন  |  ২২৫ বার পঠিত
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: শামা ওবায়েদ

স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনার সুযোগ রয়েছে। চলমান প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে ভারত সরকার নজর দেবে বলে বাংলাদেশ আশা করে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার বিষয়টি রয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে। আসামিদের ফেরত আনার যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে, তা আরও দ্রুত সম্পন্ন হবে বলে বাংলাদেশ আশা করে।

প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরানো সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই সম্ভব। চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা সম্ভব এবং সেই প্রক্রিয়াই এগিয়ে নেওয়া হচ্ছে।’

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনও নাকচ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সান ফ্রান্সিসকো সফর বাতিলের পেছনে এফবিআইয়ের মামলা বা ভিসা জটিলতা ছিল—এমন গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, গুঞ্জনে কান দেওয়া ঠিক নয়। গণমাধ্যমকর্মীদের সত্যতা যাচাই করে খবর প্রকাশের আহ্বান জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন। চীন ও মালয়েশিয়া সফরের পাশাপাশি জাতিসংঘ সফরও তিনি সংক্ষিপ্ত ও প্রয়োজনীয়ভাবে সম্পন্ন করেছেন। প্রয়োজনীয় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক শেষে তিনি দেশে ফিরেছেন।

সান ফ্রান্সিসকোতে প্রধানমন্ত্রীর যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে আইসিটি উপদেষ্টা, শিক্ষা প্রতিমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও তাঁর সমন্বয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা ছিল।

যুক্তরাষ্ট্র সফরে ইউসি বার্কলে ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এসব প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক হলে শিক্ষা ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে। হাইটেক কোম্পানিগুলো বিনিয়োগ বা যৌথ উদ্যোগে এলে এর সুফলও পাওয়া যাবে।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের পরিকল্পনা রয়েছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, সফরের সময় ও স্থান পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪