| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০, গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ০৪:০২:৪৭:পূর্বাহ্ন  |  ৬৮০ বার পঠিত
ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের আকবরনগর গ্রামে আধিপত্য বিস্তার ও ইটভাটার ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ছামেদ আলী এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। স্থানীয় আধিপত্য বিস্তার এবং ধলেশ্বরী নদীর তীরের ইটভাটায় শ্রমিক ও মাটি সরবরাহের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে আকবরনগরের পাশের গ্রাম চরবক্তাবলীতে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী মতবিনিময় সভা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিম আজাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সভা শেষে দুপুরে অনুসারীদের নিয়ে আকবরনগরে আওয়ামী লীগ নেতা ছামেদ আলীর বাড়ির সামনে মহড়া দেন হালিম। এ সময় ছামেদ আলীর অনুসারীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে।

সংঘর্ষে ছামেদ আলীর ছোট ছেলে মো. হৃদয় (২৬) গুলিবিদ্ধ হন। তাঁকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অপু কুমার সাহা এ তথ্য জানান।

একই হাসপাতালে বক্তাবলীর আলাউদ্দিন শেখের ছেলে রাজু শেখ (৩০) পায়ে দুটি টেঁটাবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিতে আসেন। তাঁকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া আকবরনগরের শামসুল (৩২) ও মধ্যনগরের সৌরভসহ (২৮) অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রাজু শেখ সাংবাদিকদের বলেন, “আমরা বিএনপির লোক। এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন মিটিং-মিছিল করতেছে, আমাদের বাড়িঘরে হামলা করতেছে। ইটভাটাগুলো সব দখল করে রেখেছে সামেদ আলী ও তাদের লোকজন। আমরা এলাকায় শান্তি-শৃঙ্খলা দরকার, এইসব বলছি দেইখা তারা আমাদের উপর হামলা করছে।”

অন্যদিকে, বাসা থেকে বের হয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে হালিম আজাদের অনুসারীদের হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন হৃদয়। তিনি বলেন, “পূর্ব-শত্রুতার জের ধরে আমাদের উপর হালিম হামলা করছে। তার দলবল এলোপাথারি গুলি করছে।”

তবে হামলার অভিযোগ অস্বীকার করে হালিম আজাদ বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের কৃষক দলের প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষে যাবার পথে সামেদ আলীর লোকজন আমাদের নেতা-কর্মীদের উপর হামলা চালায়। সামেদ আলী নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা, বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি, তারপরও তাদের লোকজন ইটভাটাগুলোতে চাঁদাবাজি করে বেড়ায়। আমরা চাঁদাবাজি বন্ধের পক্ষে। আমরা কোনো হামলার পক্ষে না।”

হালিম আজাদের বিরুদ্ধে গত ২৮ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগও রয়েছে। পরদিন এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়।

এদিকে, সংঘর্ষের পর শনিবার বেলা তিনটার দিকে বিএনপির নেতা-কর্মীরা ছামেদ আলীর বাড়িঘরে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

ছামেদ আলী বলেন, “আমি আওয়ামী লীগের চেয়ারম্যানের লগে আগে ছিলাম। কিন্তু কোনো পদ-পদবী ছিল না। আগস্টের পর আমরা ব্যবসা-বাণিজ্য সব দখল করছে বিএনপির লোকজন। আমার স্ত্রী ছাড়া বাড়িতে কেউ থাকে না। আমাগো সরাইয়া দিয়া সবকিছুর দখল নিতে চায় হালিম ও তার লোকজন।”

স্থানীয় বাসিন্দারা জানান, ৭১ বছর বয়সী ছামেদ আলী আকবরনগরে প্রভাবশালী হিসেবে পরিচিত। আওয়ামী লীগের শাসনামলে আধিপত্য বিস্তার নিয়ে তিনি ও তাঁর অনুসারীরা একাধিকবার প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। ছামেদ আলীর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, শনিবার বিকেল ছয়টার দিকেও সংঘর্ষে জড়িত দুই পক্ষের লোকজন দুই পাশে অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য মোতায়েন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শামীম হোসাইন বলেন, “সংঘর্ষের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার ও কিছু টেঁটা জব্দ করেছি। আমাদের অভিযান চলমান রয়েছে।”

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪