| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জান্নাতিরা দেশের বিরুদ্ধে আন্দোলনের চেষ্টা করছে: আমান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ০৪:২৮:০০:পূর্বাহ্ন  |  ১০১৪ বার পঠিত
জান্নাতিরা দেশের বিরুদ্ধে আন্দোলনের চেষ্টা করছে: আমান

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার সময়ে ফ্যাসিস্ট ও জান্নাতিরা এক হয়ে দেশের বিরুদ্ধে আন্দোলনের চেষ্টা করছে। ফ্যাসিস্টদের পরামর্শে কেউ কেউ গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে শহীদ জেহাদ পরিষদের উদ্যোগে স্বৈরাচারবিরোধী ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশের জনগণ তারেক রহমানের প্রতি আস্থা রেখে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের সেই আস্থার প্রতিফলন ঘটিয়ে তিনি দেশ পরিচালনা করছেন। আগামী পাঁচ বছর দেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকারকে সময় দিতে হবে।

আমান উল্লাহ আমান বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য দিচ্ছেন, আর দেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে সভাপতিত্ব করছেন। এটি দেশের জন্য বড় ধরনের কূটনৈতিক অর্জন। আগামী পাঁচ বছরে বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করার সুযোগ দিতে হবে।

ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারের প্রসঙ্গে তিনি বলেন, ইতিহাসে কোনো পলাতক ফ্যাসিস্টের নিজ দেশে ফিরে আসা সহজ হয়নি। কেউ দেশে ফেরার চেষ্টা করলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার সঙ্গে জড়িতদের বিচার বাংলাদেশের মাটিতেই সম্পন্ন করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ঠান্ডা মাথায় ও সুস্থ চিন্তায় দেশ পরিচালনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। দেশের স্বার্থে সরকারের পাশে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, পাঁচ বছর পর আবার নির্বাচন হবে। তখন জনগণই সিদ্ধান্ত নেবে, কারা ক্ষমতায় আসবে। তাই নির্ধারিত সময়ের আগে ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসার সুযোগও নেই বলে মন্তব্য করেন তিনি।

স্মরণসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নাজিমউদ্দীন আলম, সংসদ সদস্য শিরীন সুলতানাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪