মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডে সেলফি পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে আটকা পড়ে ২০০ থেকে ৩০০টি যানবাহন। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার মহালী গ্রামের শাহীন মিয়ার ছেলে ইয়াসিন (২০) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবুল (২৮)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-২৫৫৩) বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আরিচা থেকে বরংগাইলগামী একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও যাত্রীরা হতাহত হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এ ঘটনায় গুরুতর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। মহাসড়কের দুই পাশে ২০০ থেকে ৩০০টি যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, “দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
রিপোর্টার্স২৪/ধ্রুব