বগুড়া প্রতিনিধি: বগুড়া নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে খেলার মাঠ নির্মাণ, সড়ক প্রশস্তকরণ ও যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বুধবার (৪ নভেম্বর) বগুড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব দাবি জানান।
সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ আলী সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, অধ্যক্ষ আব্দুল হাই, মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক আ স ম আব্দুল মালেক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
সমাবেশে আরও বক্তব্য দেন লাইট হাউসের নির্বাহী পরিচালক হারুনর রশীদ, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জ্যেষ্ঠ সাংবাদিক মীর্জা সেলিম রেজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান, জামিলুর রহমান জামিল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বিট মডেল স্কুলের অধ্যক্ষ সাহাবুদ্দিন সৈকত, মহিলা নেত্রী নিহার সুলতানা তিথি এবং সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, তৌহিদুল ইসলাম বিটু, মাহবুবর রহমান লুলকা, শাহ মেহেদী হাসান হিমু ও দেলোয়ার হোসেন পশারী হিরুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, বগুড়াকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়নের বিকল্প নেই। নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণ, গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ এবং যানজট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ফতেহ আলী বাজার মোড়ের অবৈধ দোকানপাট উচ্ছেদের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান তাঁরা।
এ ছাড়া জনসংখ্যা ও আয়তনের বিবেচনায় নগরীর বড় ওয়ার্ডগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব তুলে ধরেন বক্তারা। তাঁদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নাগরিক সেবার পরিধি বাড়ার পাশাপাশি নগরবাসীর চলাচল ও জীবনযাত্রার মান উন্নত হবে।
বগুড়াকে পরিচ্ছন্ন, আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান সমাবেশে অংশগ্রহণকারীরা।
রিপোর্টার্স২৪/রাফিদ