বগুড়া প্রতিনিধি: দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন বগুড়া মহানগরীর বাদুরতলা আদর্শ স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মান্নান। প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে তাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী সংবর্ধনা দিয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিক্ষকের অবসর উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম স্বর্ণকার, সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন ও সহকারী শিক্ষক মোজাফফর হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রনজু ও কোষাধ্যক্ষ জুয়েল শেখসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনে আব্দুল মান্নান শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ক্রীড়াসংগঠনের দায়িত্ব পালন করেছেন। তিনি শারীরিক শিক্ষাবিদ সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিদায়ী বক্তব্যে আব্দুল মান্নান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে গিয়ে শিক্ষার্থীরা তার কাছে নিজের সন্তানের চেয়েও বেশি আপন হয়ে উঠেছে। হয়তো আগামী দিন থেকে শ্রেণিকক্ষে তার কড়া শাসন কিংবা পড়া না পারলে বকুনি থাকবে না, তবে শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা ও দোয়া আজীবন থাকবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, চরিত্র ও নৈতিকতাকে জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসেবে ধারণ করতে হবে। লক্ষ্য স্থির রেখে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। একই সঙ্গে পিতামাতা ও দেশের মুখ উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব