ঠাকুরগাঁও প্রতিনিধি: কৃষক উৎপাদন করছেন, শ্রমিক ফসল তুলছেন, পাইকার কিনছেন আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ঝুঁকি নেওয়া কৃষকই পাচ্ছেন সবচেয়ে কম দাম। ঠাকুরগাঁওয়ে আগাম ফুলকপি ও বাঁধাকপির চাষের কৃষকের কাছ থেকে কম দামে কেনা সবজি ভোক্তার কাছে বেশি দামে বিক্রি হলেও মাঝখানের এই ব্যবধানের সুফল কৃষক পাচ্ছে না তারা।
জেলার বিভিন্ন এলাকায় এখন আগাম কপি তোলার মৌসুম চলছে। মাঠে ফলনও ভালো। কিন্তু পাইকারি বাজারে ৪৩ কেজির এক মণ কপির দাম মাত্র ৪০০ টাকা। সে হিসাবে প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় ৯ টাকা ৩০ পয়সায়। অথচ কৃষকদের ভাষ্য অনুযায়ী, খুচরা বাজারে একই সবজি ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বেগুনবাড়ি এলাকার কৃষক মনসুর আলীর দুই বিঘা জমিতে এবার ফুলকপির আবাদ হয়েছে। জমি তৈরি থেকে শুরু করে ফসল উৎপাদন পর্যন্ত তাঁর ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। বর্তমান বাজারদরে তাঁর সম্ভাব্য আয় ৮০ হাজার টাকার বেশি হওয়ার কথা নয়।
মনসুর আলী বলেন, ‘আমরা মাঠে ফসল ফলাই, কিন্তু দাম নির্ধারণের সময় আমাদের কোনো হাত থাকে না। মণপ্রতি ৪০০ টাকা পেলে শ্রমিক খরচই ওঠে না।’
এলাকার আরেক কৃষক শাহাবুদ্দিন জানান, একটি বিঘায় ১০ থেকে ১২ হাজার চারা লাগাতে হয়। শুধু চারা কিনতেই প্রায় ২০ হাজার টাকা খরচ। এরপর পাঁচবার সার প্রয়োগ, চারবার নিড়ানি এবং অন্তত ১০ বার সেচ দিতে হয়। রোগবালাইয়ের জন্য রয়েছে অতিরিক্ত ব্যয়।
ফসল উৎপাদনের পরও স্বস্তি নেই। প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে শ্রমিক নিয়ে কপি তুলতে হচ্ছে। বিক্রির দাম কম হওয়ায় ফসল কাটার সিদ্ধান্ত নিতেও হিমশিম খাচ্ছেন তিনি।
হরিপুরের রফিকুল ইসলাম আড়াই বিঘা জমিতে বাঁধাকপির চাষ করেছেন। এখন বাজারে ক্রেতা না থাকায় ফসল বিক্রি করতে পারছেন না। বালিয়াডাঙ্গীর দুওসুও এলাকার আকতারুজ্জামানও বলছেন, উৎপাদন উপকরণের মূল্যবৃদ্ধির চাপের মধ্যে কম দামে সবজি বিক্রি করতে হচ্ছে।
কৃষকেরা বলছেন, এ সংকট শুধু দাম কমার নয়; কৃষিপণ্য বাজারজাতকরণের দুর্বল ব্যবস্থারও প্রতিফলন। তাঁদের মতে, স্থানীয় পর্যায়ে সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণ শিল্প না থাকায় মৌসুমে একসঙ্গে উৎপাদিত সবজি দ্রুত বিক্রি করতে হয়। এতে দর কমলেও কৃষকের অপেক্ষা করার সুযোগ থাকে না।
তাঁদের দাবি, কৃষক পর্যায়ে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা দাম নিশ্চিত করা গেলে উৎপাদন ব্যয়ের চাপ কিছুটা কমবে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম বলেন, এবার অনুকূল আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রার বেশি জমিতে আগাম
বাঁধাকপি ও ফুল কপি চাষ হয়েছে। একসঙ্গে বেশি সরবরাহ বাজারে আসায় দাম কমেছে। পরিস্থিতি সাময়িক। সরবরাহ স্বাভাবিক হলে এবং শীত বাড়লে দাম বাড়তে পারে।
রিপোর্টার্স২৪/ধ্রুব