বগুড়া প্রতিনিধি: বগুড়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নান্দনিকভাবে তুলে ধরতে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া বারোপুর ওভারপাসের দেয়ালে আঁকা হচ্ছে দৃষ্টিনন্দন ওয়াল আর্ট ও ম্যুরাল পেইন্টিং। শুক্রবার বিকেলে এসব চিত্রকর্ম পরিদর্শন করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
বগুড়া সড়ক বিভাগের উদ্যোগে বাস্তবায়নাধীন এ কর্মসূচিতে জেলার হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সংস্কৃতির নানা দিক ফুটিয়ে তোলা হচ্ছে। ম্যুরালে স্থান পাচ্ছে ঐতিহাসিক মহাস্থানগড়, বেহুলার বাসরঘর, জিয়ত কুণ্ড, পুণ্ড্রনগরের প্রবেশদ্বার, পরশুরামের প্রাসাদ, বগুড়ার জিআই পণ্য দইসহ আলু, লাল মরিচ ও মহাস্থানের কটকটির মতো ঐতিহ্যবাহী খাদ্যপণ্য।
পরিদর্শনকালে এমপি রেজাউল করিম বাদশা চিত্রকর্মে বগুড়ার ইতিহাস, ঐতিহ্য ও স্থানীয় সংস্কৃতিকে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার পরামর্শ দেন। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য পরিচিত করাই এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য। চিত্রকর্মের মাধ্যমে ইতিহাস ও সংস্কৃতিকে মানুষের সামনে উপস্থাপন করা অত্যন্ত শিক্ষণীয় একটি বিষয়। এর মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের এলাকার গৌরবময় অতীত সম্পর্কে জানতে পারবে।
এ সময় বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক জানান, জাতীয় মহাসড়কের বগুড়া মহানগর অংশে একটি রেল ওভারপাস ও দুটি ওভারপাস রয়েছে। এর মধ্যে বারোপুর ওভারপাসের উত্তর-পূর্ব পাশের দেয়ালে অ্যাক্রেলিক রঙে ধারাবাহিকভাবে আঁকা হচ্ছে বিভিন্ন চিত্রকর্ম। এসব চিত্রে তুলে ধরা হচ্ছে বগুড়ার গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, লোককথা, কৃষি ও খাদ্যসংস্কৃতি।
তিনি বলেন, ওভারপাসের দেয়ালে অনিয়ন্ত্রিত পোস্টার, ব্যানার ও বিজ্ঞাপন লাগানোর কারণে নগরের সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এ ধরনের কর্মকাণ্ড নিরুৎসাহিত করার পাশাপাশি শহরের নান্দনিক পরিবেশ বজায় রাখতে বগুড়ার স্থানীয় পরিচয় তুলে ধরে ওয়াল আর্ট ও ম্যুরাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ওভারপাসের দেয়ালগুলোকে শুধু কংক্রিটের অবকাঠামো হিসেবে নয়, বরং বগুড়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উন্মুক্ত শিল্পগ্যালারি হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
নির্বাহী প্রকৌশলী আরও জানান, বর্তমানে বারোপুর ওভারপাসের দেয়ালে পাইলট প্রকল্প হিসেবে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের অভিজ্ঞতা, ব্যয় ও সাফল্য বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে বগুড়ার অন্যান্য ওভারপাস, রেল ওভারপাস এবং গুরুত্বপূর্ণ স্থানেও এ ধরনের নান্দনিক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের চারুকলা বিভাগের শিক্ষক ও ডিজিটাল আর্টিস্ট মো. আবু লায়েছ নিক্সনের নেতৃত্বে একদল শিল্পী বড় পরিসরে এসব ম্যুরাল আঁকার কাজ করছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল, সওজের বগুড়া উপবিভাগীয় প্রকৌশলী নাফিউর নুর মৌসুম, উপসহকারী প্রকৌশলী মো. মাহবুব আলম, বগুড়া মহানগরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রিপোর্টার্স২৪/রাফিদ