কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। পরে তিনি জয়পুরহাটে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতেও যোগ দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের লক্ষ্যে আমরা সংবিধান সংশোধনের জন্য কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যে জুলাই সনদ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে বিরোধী দলীয় নেতাদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা এখন পর্যন্ত অংশগ্রহণ করেননি। আজকের এই দিনে আমরা আবারও তাঁদের আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আমাদের সঙ্গে বসুন। সংবিধান সংশোধনের মাধ্যমে এ দেশ থেকে স্বৈরাচার ও ফ্যাসিবাদকে চিরতরে বিদায় দিই।
অনুষ্ঠানে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহম্মেদ, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকিরসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম