| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ ঊর্ধ্বতন কর্মকর্তা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৬ ইং | ১৯:২২:০৩:অপরাহ্ন  |  ৭৩২৫ বার পঠিত
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ ঊর্ধ্বতন কর্মকর্তা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা দুই সপ্তাহের নির্বাহী নেতৃত্ব প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান গেছেন। তাদের মধ্যে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।

রোববার (৮ নভেম্বর) তারা পাকিস্তানের লাহোরে ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) প্রশিক্ষণ নিতে ঢাকা ত্যাগ করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

এর আগে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন হাইকমিশনার। অনুষ্ঠানে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, পেশাগত সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এ প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি সরকারি প্রশাসনে ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তান ও বাংলাদেশের নেতৃত্বের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারের কথা তুলে ধরেন। পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধনের কথা উল্লেখ করেন।

শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

২০২৫ সালের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দারের ঢাকা সফরের সময় ঘোষিত ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর প্রসঙ্গ তুলে হাইকমিশনার জানান, ২০২৬ সালে ১৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন। শিগগিরই আরও ২০ জন শিক্ষার্থী সেখানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, চলতি বছরের শুরুতে বাংলাদেশের ১২ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নির্বাহী নেতৃত্ব প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচ সফলভাবে সম্পন্ন করেন। বর্তমান প্রতিনিধিদল এ উদ্যোগের দ্বিতীয় ব্যাচ, যা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রতিফলন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪