বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: আসন্ন নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর বেলাবো উপজেলায় নির্বাচনী প্রচার-প্রচারণা ও প্রস্তুতিমূলক কর্মকাণ্ড জমে উঠতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. রশিদুল ইসলাম লাল মিয়ার পক্ষে এক বিশাল নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের করোনার মোড় এলাকায় এই সভার আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী রঞ্জুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রশিদুল ইসলাম লাল মিয়া।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা নারায়ণপুর ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় মো. রশিদুল ইসলাম লাল মিয়ার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রশিদুল ইসলাম লাল মিয়া বলেন, নির্বাচিত হলে নারায়ণপুর ইউনিয়নকে একটি সন্ত্রাসমুক্ত, আদর্শ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের মৌলিক অধিকার ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন, জিয়া শিশু-কিশোর সংগঠনের সভাপতি হারুন অর রশিদ (বি.এ), সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান অহিদ, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আতাউর রহমান, কোষাধ্যক্ষ সার্জেন্ট মো. হারুন অর রশিদসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।
নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব