| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিজের বিয়ে বন্ধে সপ্তম শ্রেণির ছাত্রীর আকুল আবেদন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৬ ইং | ১৬:৪৪:১২:অপরাহ্ন  |  ৫১১৪ বার পঠিত
নিজের বিয়ে বন্ধে সপ্তম শ্রেণির ছাত্রীর আকুল আবেদন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় এক শিক্ষার্থীকে (১৪) জোরপূর্বক বিয়ে দেওয়ার আয়োজন করেছে পরিবার। সোমবার (৯ নভেম্বর) বিয়ের দিন নির্ধারণ করা হলেও আগের দিনই বিয়ে বন্ধ ও পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে নিজের মাদরাসার সুপারের কাছে লিখিত আবেদন করেছে ওই ছাত্রী। তবে অভিযোগের পরেও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগ উঠেছে।

ওই কিশোরী উপজেলার বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের একটি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ওই শ্রেণিতে প্রথম স্থান অধিকারী। তার জন্ম ২০১২ সালে। সে হিসেবে তার বয়স বর্তমানে ১৪ বছর।

রবিবার (৮ নভেম্বর) বিয়ে বন্ধের আকুতি জানিয়ে মাদরাসা সুপার বরাবর একটি লিখিত আবেদন পাঠিয়েছে ওই কিশোরী। এতে সে লিখেছে, ‘বিনীত নিবেদন এই যে আমি আপনার মাদরাসার সপ্তম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। পরিবার জোরপূর্বকভাবে আমার বিবাহ ঠিক করিয়াছে। আগামী ৯ নভেম্বর যোহর নামাজের পরে আমাকে স্বর্ণ পরোতে আসবে। যা আমার ইচ্ছের বাইরে কাজ করতেছে, আমি লেখাপড়া করতে চাই।’

আবেদনে সে আরো উল্লেখ করে, ‘আমি যাদি পরিবারের মধ্যে অতিরিক্ত হয়ে থাকি তাহলে আমার মাদরাসার দায়িত্ব আমাকে লেখাপড়া করাবে তবুও আমি এখন বিবাহে বসব না। অতএব, মহোদয়ের কাছে আকুল আবেদন এইযে যাহাতে আমার বিবাহ না হয়, তার সুব্যবস্থা করতে আপনার মর্জি হয়।’

ওই মাদরাসার সুপার মো. হারুন অর রশিদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হলে তিনি বলেন, ‘আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়া আমার কাছে করার কিছু নেই। আমারও তো এলাকায় থাকতে হবে।’

গলাচিপা উপজেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম জানান, এ ধরনের বিষয় ইউএনও, ওসি ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানাতে হয়। তারা এ বিষয়ে কাজ করে থাকেন।

গলাচিপা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোসা. শিরিন সুলতানা জানান, তিনি বিষয়টি জানেন না। তার প্রশাসনিক ক্ষমতা নেই। 

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, বিষয়টি জেনেছি। আমি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব।

বাংলাদেশে মেয়েদের বিয়ের ক্ষেত্রে ন্যূনতম আইনগত বয়স ১৮ বছর হতে হয়। বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে বাল্যবিবাহ হিসেবে গণ্য। সে হিসাবে ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থীর বিয়ের আয়োজন আইনবিরোধী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪