| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৬ ইং | ২৩:০০:১১:অপরাহ্ন  |  ৫১৭০১ বার পঠিত
বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে শাহীনা ইসলাম মুক্তির জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান নিয়ে দুই দিন ধরে আলোচনা-সমালোচনা চলছে। বিএনপি পরিবারের সন্তান হয়েও কেন তিনি দল ছেড়ে এনসিপিতে যোগ দিলেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ফতুল্লাবাসীর মধ্যে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে এ বিষয়ে শাহীনা ইসলাম মুক্তি বলেন, বিএনপির সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটিতে তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদিকা ছিলাম। তবে বাবার সময়, জিয়াউর রহমানের আমলে কিংবা খালেদা জিয়ার সময়ে যে বিএনপি ছিল, এখন সেই বিএনপি নেই বলে মনে করেন তিনি।

মুক্তি বলেন, আমরা এখন যে বিএনপি দেখছি, সেই বিএনপি আর নেই। আমার বাবার সময় যে বিএনপি ছিল, জিয়াউর রহমানের আমলে যে বিএনপি ছিল কিংবা খালেদা জিয়ার আমলে যে বিএনপি ছিল, এখন তো সেই বিএনপি দেখতে পাচ্ছি না। বিএনপির শুরুতেই তারা কী ভূমিকা পালন করেছে? প্রথম থেকেই গাদ্দারি করেছে, যেটা আমাদের পছন্দ ছিল না। আমরা তো একটা সুন্দর দেশ চেয়েছিলাম।

তিনি আরও বলেন, আমরা সব সময় বলেছি, ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছি। কিন্তু ফ্যাসিবাদী সরকারকে বিদায় করে আমরা উন্নত দেশের মতো একটি ভালো দেশ পেলাম না। দেশ তো সেভাবে দেখতে পাচ্ছি না। বরং একই ধারা চলছে। আওয়ামী লীগের চেয়েও বেশি খারাপভাবে বিএনপি মাঠ পরিচালনা করছে। এরা কী বিএনপি পরিচালনা করছে? এসব দেখে আসলে ভালো লাগেনি। তাই যারা এই দেশকে বিনির্মাণে কাজ করছে, তাদের সঙ্গে কাজ করছি। অনেকে অনেক কথা বলছেন, বিষয়টি আসলে তেমন নয়।

শাহীনা ইসলাম মুক্তি বলেন, জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার পর নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন তিনি। দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নেওয়ার স্বপ্ন দেখছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, শাহীনা ইসলাম মুক্তির বাবা সিরাজুল ইসলাম ষাট ও সত্তরের দশকে বৃহত্তর ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে জাসদ গঠিত হলে তিনি দলটির রাজনীতিতে যুক্ত হন। তার নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিবাহিনী ফতুল্লার মাসদাইরে পাকিস্তানি বাহিনীকে প্রতিহত করে।

১৯৭৭ সালে বিএনপিতে যোগ দেন সিরাজুল ইসলাম। তিনি কেন্দ্রীয় যুবদলের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরশাদবিরোধী আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা রাখেন। এ ছাড়া ২০০০ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১২ সালের ২৩ মার্চ সিরাজুল ইসলাম মারা যান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪