| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ১৩:৩৯:৪১:অপরাহ্ন  |  ৩৭৪০৫ বার পঠিত
বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি: গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপ-পরিচালকের সময়মতো অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাগেরহাট দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন নথিপত্র ও সেবা কার্যক্রম পর্যালোচনা করেন দুদক কর্মকর্তারা।

অভিযানকালে সেবা নিতে আসা কয়েকজন গ্রাহক তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, পাসপোর্ট করতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। এ ছাড়া সেবা নিতে এসে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের মুখেও পড়তে হচ্ছে তাদের।

ভুক্তভোগীদের অভিযোগ, দুপুরের খাবারের কথা বলে প্রায় দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা সেবাপ্রার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। একই সঙ্গে অফিসের উপপরিচালকের নিয়মিত ও সময়মতো কর্মস্থলে উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তারা।

এদিকে দুদকের অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

অভিযান শেষে দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার সাংবাদিকদের বলেন, উত্থাপিত অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযানকালে সংগৃহীত তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় কাগজপত্র দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪