| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একটি ইলিশ ১৪ হাজার ও পাঙ্গাশ ২৪ হাজার টাকায় বিক্রি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ১৭:২৪:৫৬:অপরাহ্ন  |  ৩৬০৮০ বার পঠিত
একটি ইলিশ ১৪ হাজার ও পাঙ্গাশ ২৪ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় সোয়া দুই কেজি ওজনের একটি বড় ইলিশ ও ১৪ কেজির বেশি ওজনের একটি পাঙ্গাশ। মাছ দুটি দৌলতদিয়া ঘাট মাছবাজারে নিলামে বিক্রির পর পুনরায় বিক্রি হয়েছে যথাক্রমে ১৪ হাজার ৮৫০ ও ২৪ হাজার ৬৭৫ টাকায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট মাছবাজারে মাছ দুটি বিক্রি হয়। এর মধ্যে ২ কেজি ২৫০ গ্রাম ওজনের ইলিশটি প্রথমে ১৪ হাজার ৪০০ টাকায় এবং ১৪ কেজি ১০০ গ্রাম ওজনের পাঙ্গাশটি ২৩ হাজার ৯৭০ টাকায় কেনেন স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ। পরে লাভে মাছ দুটি কিনে নেন শ্রীলঙ্কা প্রবাসী কক্সবাজারের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা রেজাউল করিম হাওলাদার।

স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার ভোররাতে জাল নিয়ে পদ্মা নদীতে মাছ শিকারে বের হন দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার জেলে হারুন-অর রশিদ। ফেরিঘাটের কাছে জাল ফেলে ভাসতে ভাসতে প্রায় চার কিলোমিটার ভাটিতে যাওয়ার পর জালে ঝাঁকি অনুভব করেন তিনি। এতে বড় কোনো মাছ ধরা পড়েছে বুঝতে পেরে দ্রুত জাল গুটিয়ে নৌকায় তোলেন। এ সময় জালে একটি বড় পাঙ্গাশ ও একটি ইলিশ মাছ দেখতে পান। পরে মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের দেলোয়ার সরদারের আড়তে নিয়ে আসেন। সেখানে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ দুটি কিনে নেন ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, সকালে দেলোয়ার সরদারের আড়তে বড় ইলিশটি নিলামে উঠলে সেটি কিনতে অনেক ব্যবসায়ী আগ্রহ দেখান। প্রায় ২ কেজি ২৫০ গ্রাম ওজনের ইলিশটি তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ৬ হাজার ৪০০ টাকা দরে মোট ১৪ হাজার ৪০০ টাকায় কেনেন। পরে প্রায় ১৪ কেজি ১০০ গ্রাম ওজনের পাঙ্গাশটি প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ২৩ হাজার ৯৭০ টাকায় কেনেন।

শাহজাহান শেখ বলেন, মাছ দুটি কিনে নিজের ফেরিঘাটের আড়তে নিয়ে দেশ-বিদেশে পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে কক্সবাজারের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা শ্রীলঙ্কা প্রবাসী রেজাউল করিম হাওলাদার মাছ দুটি কেনার আগ্রহ প্রকাশ করেন। পরে তিনি প্রতি কেজিতে ২০০ টাকা লাভে ইলিশটি ৬ হাজার ৬০০ টাকা দরে মোট ১৪ হাজার ৮৫০ টাকায় বিক্রি করেন। একইভাবে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে পাঙ্গাশটি ১ হাজার ৭৫০ টাকা দরে মোট ২৪ হাজার ৬৭৫ টাকায় বিক্রি করেন। পরে সকালে পরিবহনের মাধ্যমে মাছ দুটি কক্সবাজারে পাঠানোর ব্যবস্থা করা হয়।

শাহজাহান শেখ আরও বলেন, চলতি মৌসুমে জেলেদের জালে এত বড় ইলিশ ধরা পড়ার খবর তাঁর জানা নেই।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪