শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার ১৩ নং চরশেরপুর নয়াপাড়া এবং ১৪৪ নং নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, মিজ্ ফরিদা ইয়াসমিন।
পরিদর্শনকালে নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার মাত্র ২০ শতাংশ দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেন। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সম্পৃক্তকরণসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের পরামর্শ প্রদান করেন।
তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর সার্বিক পরিবেশ উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের পরিদর্শন ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে, চরশেরপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সাথে কথা বলে শুধু ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজিতে দুর্বলতা আছে বলে চিহ্নিত করেন এবং বাকি দুই শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত বিষয়ের দক্ষতা দেখে সন্তোষ প্রকাশ করেন। এদিন বিদ্যালয়ে উপস্থিতির হার ছিল ৮৪ শতাংশ।
এ সময় তিনি পিতৃহীন তিনজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে চাল,ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তাৎক্ষণিকভাবে ক্রয় করে তাদের পরিবারের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য বিদ্যালয়টির প্রধান শিক্ষকেকে প্রদান করেন।
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং প্রতিটি শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ সৃষ্টিতে জেলা প্রশাসন, শেরপুর নিরলসভাবে কাজ করে যাবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব