| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে অর্ণব ফার্টিলাইজার কারখানায় কৃষি বিভাগের তদন্ত, পরিবেশ দূষণ ও ভেজাল সারের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ১৩:৫৬:৫৮:অপরাহ্ন  |  ৯৬৪২ বার পঠিত
রাজবাড়ীতে অর্ণব ফার্টিলাইজার কারখানায় কৃষি বিভাগের তদন্ত, পরিবেশ দূষণ ও ভেজাল সারের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি: পরিবেশ দূষণ, মানহীন ও ভেজাল সার উৎপাদন, সরকারি নির্দেশনা অমান্য এবং জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদের ক্ষতির অভিযোগে রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার সার কারখানা পরিদর্শন করেছে কৃষি বিভাগের তিন সদস্যের তদন্ত কমিটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রিচর চাঁদপুর গ্রামে অবস্থিত কারখানাটি পরিদর্শন করেন কমিটির সদস্যরা। এ সময় তাঁরা কারখানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি অভিযোগের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ও মতামত নেন।

তদন্ত কমিটিতে ছিলেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) রোকনুজ্জামান, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসুল এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান।

এলাকাবাসীর পক্ষে মোস্তফা আমীর ফয়সাল কারখানাটির বিরুদ্ধে পরিবেশ দূষণ, মানহীন সার উৎপাদন ও সরকারি নির্দেশনা অমান্যের অভিযোগ তুলে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন। আবেদনে বলা হয়, অর্ণব ফার্টিলাইজার ও এর সহযোগী প্রতিষ্ঠান আমিন এগ্রো ফার্ম লিমিটেড দীর্ঘদিন ধরে পরিবেশ, জনস্বাস্থ্য, প্রাণিসম্পদ ও কৃষির ক্ষতি করে আসছে। উৎপাদিত সার রাতের আঁধারে পাচার ও বাজারজাত করার অভিযোগও করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৩ নভেম্বর এসিআই কোম্পানির পক্ষ থেকে সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে জানানো হয়েছিল, গুণগত মান ঠিক না থাকায় ‘বাম্পার এসিআই ট্রাইকো কম্পোস্ট সার’ উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ওই নির্দেশনার পরও কারখানাটিতে প্রশাসনের অগোচরে মানহীন ও ভেজাল সার উৎপাদন অব্যাহত রাখার অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২০২৫ সালের ১৯ অক্টোবর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পরিবেশ দূষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই সময় উপজেলা কৃষি কর্মকর্তা সারের নমুনা সংগ্রহ করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) যশোর আঞ্চলিক গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠান। পরীক্ষায় সারে জৈব কার্বন ও পটাশিয়ামের উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া যায় বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে। এরপরও প্রয়োজনীয় ব্যাচ নম্বর ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঠিক ঠিকানা উল্লেখ না করে সার বাজারজাত করার অভিযোগ করেছেন এলাকাবাসী।

কারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে একাধিক অভিযোগ। আবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২৯ জুন প্রশাসনের পক্ষ থেকে তিন মাসের মধ্যে কারখানার সীমানাপ্রাচীর ও শেড নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয় থেকেও সীমানাপ্রাচীর নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশনা দেওয়া হয়। তবে এসব নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে মুরগির খামারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। এলাকাবাসীর দাবি, ২০২৬ সালের মার্চে রমজান মাসে বার্ড ফ্লুতে আক্রান্ত কয়েক হাজার মৃত মুরগি, পচা ডিম ও অন্যান্য বর্জ্য কারখানার পশ্চিম পাশের একটি পুকুরে উন্মুক্তভাবে ফেলে রাখা হয়। এতে এলাকায় তীব্র দুর্গন্ধ, মাছি ও জীবাণুর সংক্রমণ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট ও পেটের পীড়াসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়েন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

কারখানাসংলগ্ন জান্নাতুল বাকী গোরস্থানে মরদেহ দাফনের সময়ও দুর্গন্ধের কারণে মুসল্লিদের দুর্ভোগ পোহাতে হয় বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে জানাজা, দাফন, ইফতার ও নামাজের সময় দুর্গন্ধের তীব্রতা বেশি ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে প্রতিবাদ করায় স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মজিদ শেখ এবং এলাকাবাসীকে মিথ্যা মামলায় হয়রানি ও অপরাধমূলক ক্ষতিসাধনের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে কারখানার মালিক নুরুল আমিনের বিরুদ্ধে।

অভিযোগকারীদের দাবি, বিভিন্ন সরকারি দপ্তরের নির্দেশনা উপেক্ষা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলির সুযোগে কারখানাটিতে পুনরায় সার উৎপাদন ও বাজারজাত শুরু করা হয়েছে। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় কারখানাটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সিলগালা করে স্থায়ীভাবে বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগকারী মোস্তফা আমীর ফয়সাল বলেন, দুর্গন্ধ ও পরিবেশদূষণ বন্ধে এলাকাবাসীর পক্ষ থেকে কারখানাটি বন্ধের আবেদন করেছেন তিনি। এ কারণে তাঁর বিরুদ্ধে সাজানো চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তদন্ত কমিটি নিরপেক্ষভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অর্ণব ফার্টিলাইজার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন। তিনি বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে এখানে দুই শতাধিক মানুষ কাজ করছেন। কারখানাটি সাময়িক বন্ধ থাকায় এসব কর্মজীবী মানুষ ও তাঁদের পরিবারের সদস্যরা আর্থিক দুর্ভোগে পড়েছেন। তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।

নুরুল আমিন আরও বলেন, প্রতিষ্ঠানটি পুনরায় চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রশাসনের সহযোগিতা চান তিনি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪