| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না তরুণ প্রজন্ম: শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ১৫:২৫:০৮:অপরাহ্ন  |  ১৪৮৩ বার পঠিত
নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না তরুণ প্রজন্ম: শফিকুর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করা তরুণ প্রজন্ম দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, তরুণেরা বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে। নতুন করে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করলে তারা তা প্রতিহত করবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে কোনো আপস করা হবে না।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে। তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা বেঁচে থাকতে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আমরা কোনো আপস করব না।

তিনি বলেন, এ দেশের মানুষ বারবার বিভিন্ন অপশক্তির নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু প্রতিবারই অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্টও এমন একটি ঘটনা ঘটেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, পৃথিবীর ইতিহাসে নতুন একটি ক্যালেন্ডার তৈরি করে ৩৬ জুলাই বলা হয়েছে। বিশ্বের অন্য কোনো দেশে ৩২, ৩৩, ৩৪, ৩৫ কিংবা ৩৬ তারিখ নেই। এটি শুধু বাংলাদেশেই হয়েছে। ১ হাজার ৪০০ তরুণ-তরুণীর রক্ত ও জীবনের বিনিময়ে এই জুলাই এসেছে।

তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন জাতির সামনে বিশাল প্রত্যাশা নিয়ে হাজির হয়েছিল। অতীতের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, লুণ্ঠন ও ফ্যাসিবাদের অবসানের দাবি নিয়ে তরুণেরা রাজপথে নেমেছিল।

আন্দোলনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, যারা কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিল, তাদের সবাই সরকারি চাকরি পাওয়ার জন্য আন্দোলনে আসেনি। দেশে সর্বোচ্চ ২১ লাখ সরকারি চাকরিজীবী রয়েছেন। অথচ ওই সময় আন্দোলনে অংশ নিয়েছিলেন প্রায় চার কোটি তরুণ-যুবক। এত মানুষের সবাই কি সরকারি চাকরি পেতেন?

ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনে অংশ নেওয়া অনেক তরুণের লেখাপড়াও শেষ হয়নি, কারও কারও সরকারি চাকরিতে প্রবেশের বয়সও অতিক্রম হয়ে গেছে। তাদের আন্দোলনে আসার কারণ জানতে চাইলে তারা বলেছিলেন, ‘আমি কোটা সংস্কার আন্দোলনে আসিনি, আমি এসেছি রাষ্ট্র সংস্কার আন্দোলনে। আমি পুরো রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন চাই।’

জুলাই আন্দোলনের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল ন্যায়বিচার প্রতিষ্ঠা উল্লেখ করে জামায়াতের আমির বলেন, আন্দোলনের অন্যতম স্লোগান ছিল ‘জাস্টিস’। মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার চেয়েছে। বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যসেবা, চাকরি ও ব্যবসার অধিকারসহ সব মৌলিক অধিকারের ক্ষেত্রে রাষ্ট্র নাগরিকদের সঙ্গে ন্যায্য আচরণ করবে—এটাই ছিল আন্দোলনের প্রত্যাশা।

তিনি বলেন, নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হলে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও সমতার ভিত্তিতে ব্যবস্থা গড়ে তুলতে হবে। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত অর্থে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়।

জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারি দল ও বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক পক্ষ জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল। তখন সবাই সংস্কারের আকাঙ্ক্ষার সঙ্গে একমত হয়েছিল। জামায়াতে ইসলামী নিজেদের নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছে। বর্তমান সরকারি দলও এর আগে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে এবং নির্বাচনী ইশতেহারে বিভিন্ন সংস্কারের কথা বলেছে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আত্মত্যাগ এবং জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল। সেখানে মাসের পর মাস ৩৩টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। কোনো মৌলিক বা বড় রাজনৈতিক দলকে বাদ রাখা হয়নি। দীর্ঘ আলোচনার পর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি হয়েছে।

জামায়াতের আমিরের ভাষ্য, ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল। একটি সরকার গঠনের জন্য এবং অন্যটি রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের জন্য। কিন্তু বর্তমান সরকারি দল একটি সিদ্ধান্ত মেনে নিলেও অন্যটি মানেনি। এর মধ্য দিয়েই সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জাতির সামনে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ না করা প্রতারণার শামিল। জনগণের আকাঙ্ক্ষা ও বিপ্লবীদের প্রত্যাশার সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া হবে না। সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতেই হবে। জনগণের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সংবিধান সংশোধনের আলোচনা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদের দাবিকে পাশ কাটিয়ে বারবার সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে। সংবিধান সংশোধনের পক্ষে গণভোট হয়নি বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা অগ্রাহ্য করার সুযোগ নেই। কোনো রাজনৈতিক দল যদি নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করে এবং গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে জনগণের দেওয়া রায়কে সম্মান জানাতে হবে। জনগণের মতামত উপেক্ষা করা হলে তা তাদের অপমান করার পাশাপাশি নির্বাচনী ব্যবস্থার ওপরও আঘাত হানবে। এতে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থার ভিত্তি দুর্বল হবে।

ফ্যাসিবাদের সংজ্ঞা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিষয় নয়; এটি একটি ভাইরাসের মতো। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে এর লক্ষণ দেখা যাবে, তাকেই ফ্যাসিবাদী আচরণের দায় নিতে হবে।

তিনি বলেন, আমরা এই সরকারকে এখনই ফ্যাসিবাদী সরকার বলতে চাচ্ছি না। তবে ওই ভাইরাসের প্রচুর লক্ষণ এই সরকারের মধ্যে ফুটে উঠেছে।

তার অভিযোগ, অতীতে বিদ্যমান সমাজব্যবস্থার মৌলিক পরিবর্তন হয়নি। বরং সামাজিক বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এসবের বিরুদ্ধে সাত দফা দাবি নিয়ে তারা রাজপথে নেমেছেন। বিভাগীয় পর্যায়ে সমাবেশ এবং ধারাবাহিকভাবে তিনটি লংমার্চে জনগণের ব্যাপক সাড়া পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

দেশে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের আমির। তিনি বলেন, দেশের তরুণসমাজের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত হচ্ছে। শুধু মাদক সেবন নয়, অনেক তরুণ মাদক সংরক্ষণ ও সরবরাহের সঙ্গেও জড়িয়ে পড়ছে। এতে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ তুলে তিনি বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে স্কুলের ভেতরেও মাদকের বিস্তার ঘটছে। কোথায় গিয়ে দাঁড়িয়েছে সমাজের অবস্থা, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, একসময় কিশোর গ্যাং শব্দটির সঙ্গে মানুষ পরিচিত ছিল না। এখন শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলেও কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটেছে। এটি সমাজের জন্য ভয়ংকর হুমকি।

তিনি বলেন, বিপথগামী কিশোরদের পুরোপুরি দায়ী করা যায় না। কারণ, সমাজব্যবস্থা ও বিভিন্ন সময়ের সরকার ব্যক্তি, দল ও গোষ্ঠীস্বার্থে এসব অপকর্মকে প্রশ্রয় দিয়েছে। তাঁর মতে, যারা নিজেদের স্বার্থে তরুণদের অপরাধের দিকে ঠেলে দিয়েছে, তারাই মূলত এর জন্য দায়ী।

মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন জামায়াতের আমির। তিনি বলেন, চার দিন আগে সংসদে তিনি উল্লেখ করেছেন, সরকারি দলের একজন প্রবীণ সদস্য জনসভায় বলেছিলেন, আগে মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন ফ্যাসিস্ট দলের নেতারা, আর এখন নিয়ন্ত্রণ করছেন তাঁর দলের নেতারা। বিষয়টি অকপটে স্বীকার করার জন্য ওই নেতাকে ধন্যবাদ জানান তিনি।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তাঁর অভিযোগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারি চলছে। জোর করে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। এসব পদে নিয়োগ পাওয়া অনেকেরই দায়িত্ব পালনের প্রয়োজনীয় যোগ্যতা নেই বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্য ও নেতাদের সন্তুষ্ট করাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এ ধরনের ব্যক্তিদের হাতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপদ থাকতে পারে না।

স্কুল, কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং ও গভর্নিং কমিটিতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের যুক্ত করার অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, এসব কমিটিতে যোগ্য ও অসহায় শিক্ষকদের কোণঠাসা করা হচ্ছে এবং দলীয় পরিচয়ধারী ও অযোগ্য ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

মাদক ও শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারিকে দেশের শিক্ষাব্যবস্থার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতির পরিবর্তন জরুরি।

সমাজের সর্বস্তরে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে জামায়াতের আমির বলেন, অসৎ নেতৃত্বকে সরিয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলে সামাজিক সুবিচার নিশ্চিত করা সম্ভব হবে না।

সামনে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনে কোনো ভোট ডাকাত, ষড়যন্ত্রকারী কিংবা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টাকারীকে সহযোগিতা করা হবে না। জনগণকে সংগঠিত করে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এখন থেকেই শক্ত অবস্থান নিতে হবে, দৃষ্টি ও লক্ষ্য স্থির রাখতে হবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রমের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, এই বিভাগের প্রকৃত সফলতা আসবে তখনই, যখন বিপথগামী ও ধ্বংসের মুখে থাকা যুবসমাজকে রক্ষায় দৃশ্যমান কার্যক্রম গ্রহণ করা হবে।

যারা ইতোমধ্যে ভুল পথে চলে গেছে, তাদের অবহেলা না করে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতে হবে। তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। বিপথগামী তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনতে পারলেই যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রম সার্থক হবে।

তিনি আরও বলেন, শুধু জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কাজ করলেই চলবে না। নিজেদের চরিত্র ও চিন্তার পাশাপাশি পুরো সমাজের দায়িত্ব নিতে হবে। সমাজের সব তরুণকে কল্যাণ, ন্যায় ও নৈতিকতার পথে সম্পৃক্ত করতে হবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, যৌবন মহান আল্লাহর দেওয়া নিয়ামত। দেশের যুবসমাজ যেন দেশপ্রেম ও ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে পারে, সে জন্য সবার প্রচেষ্টা থাকা প্রয়োজন।

ডিসেম্বর মাসে দলের বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের সর্বাত্মকভাবে অংশ নেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, ডিসেম্বর মাসজুড়ে দলের অনেক কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিতে দলের নেতাকর্মীরা সর্বশক্তি নিয়ে অংশগ্রহণ করবেন।

এ সময় অতীতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের কর্মকাণ্ডের কারণেই তারা দেশে অবস্থান করতে পারেননি বলে তিনি মনে করেন। পালিয়ে গিয়েও তারা জাতিকে কষ্ট দিচ্ছেন।

তিনি আরও বলেন, এই জাতি সহজে জেগে ওঠে না। কিন্তু একবার জেগে উঠলে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় দলটির কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪