টাঙ্গাইল প্রতিনিধি: সুতা ও রং এর মুল্য বৃদ্ধি, যান্ত্রিক পাওয়ার লুমের আগ্রাসন,শ্রমিক সংকট এবং সুদূরপ্রসারী বাজার ব্যবস্থাপনার অভাবে তীব্র অস্তিত্ব সংকটে পড়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল চাদর তৈরির তাত কারখানা । হাড়ভাঙা পরিশ্রমের পরও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও উপযুক্ত পারিশ্রমিক না পেয়ে চরম হতাশায় নিমজ্জিত হচ্ছেন এই শিল্পের মূল কারিগররা। জীবন-জীবিকার রূঢ় বাস্তবতায় বাধ্য হয়ে বহু দক্ষ তাঁতি তাদের পূর্বপুরুষের এই সুপ্রাচীন পেশা ত্যাগ করছেন।
বাহারি সুতা আর নিপুণ কারুকার্যের তৈরি টাঙ্গাইলের শাল চাদরের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চললেও বন্ধ হয়ে গেছে বেশিরভাগ শাল চাদর তৈরির কারখানা। বংশাল, মনিপুরী, নয়নতারাসহ নানা ডিজাইনের চাদর তৈরি করছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাথুলি সাদী এলাকার কারিগররা। নাগরপুর ও দেলদুয়ার উপজেলার কিছু এলাকায়ও শাল চাদর তৈরির কারখানা রয়েছে। তাঁতের শাড়ির পরেই বাহারি সুতার নিপুণ কারুকার্যের ফ্যাশনেবল এই চাদর নারী-পুরুষ উভয়ের কাছেই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, বাসাইল উপজেলার বাথুলি সাদী, নাগরপুর এবং দেলদুয়ার উপজেলার বিভিন্ন গ্রামে শাল ও চাদর তৈরির কারখানা রয়েছে। বাসাইল উপজেলার বাথুলি সাদী এলাকায় ৮০টি শাল চাদর শিল্প কারখানা ছিল। সাম্প্রতিক সুতার দাম বৃদ্ধি এবং যান্ত্রিক পাওয়ার লুমের আগ্রাসন এবং সুদূরপ্রসারী বাজার ব্যবস্থাপনার অভাব ও কারিগর সংকটের কারণে ৭০টি শাল চাদর শিল্প কারখানা সম্পুর্ণ বন্ধ হয়ে গেছে। বাজারজাত করণের সঠিক নীতিমালার অভাব এবং ধারাবাহিক লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরাও এই শিল্পে নতুন করে পুঁজি বিনিয়োগে সাহস পাচ্ছেন না।
তাঁত কারখানাগুলোতে সুতা, বুনন পদ্ধতি এবং নকশার ভিন্নতার ওপর ভিত্তি করে প্রধানত ৬ ধরনের শাল ও চাদর তৈরি করা হয়। বিশেষ করে বাসাইল উপজেলার বাথুলি সাদী গ্রামে কারখানা বেশি । কালিহাতী এবং সদর উপজেলার কিছু এলাকায় কারখানাগুলোতে এসব চাদর উৎপাদিত হয়। সুতা ও কাপড়ের ধরন অনুযায়ী খাঁটি সুতি চাদর, দেশের ঐতিহ্যবাহী তাঁতকলে সুতি সুতা দিয়ে এই চাদর বোনা হয়, যা হালকা শীতের জন্য বেশ আরামদায়ক। উলের শাল ও চাদর. তীব্র শীত নিবারণের জন্য শতভাগ উলের বা পশমি সুতা দিয়ে মোলায়েম ও উষ্ণ শাল তৈরি করা হয়। সিল্ক ও মিক্সড সুতার চাদর. উৎসব বা অনুষ্ঠানের উপযোগী করতে সুতির সাথে সিল্ক বা কৃত্রিম সুতার সংমিশ্রণে চকচকে ও মসৃণ শাল তৈরি হয়। নকশা ও কারুকাজ অনুযায়ী জামদানি ও ঐতিহ্যবাহী নকশার শাল, টাঙ্গাইল শাড়ির আদলে শালের জমিন ও পাড়ে জামদানি বা জ্যাকার্ড তাঁতের নিখুঁত নকশা তোলা হয়। চেলি পাড় ও একরঙা শাল, সাধারণত বয়স্ক বা পুরুষদের ব্যবহারের জন্য একরঙা জমিনের ওপর চিকন চেলি পাড়ের নকশা করা শাল তৈরি হয়। ব্লক ও এমব্রয়ডারি শাল, তাঁতে বোনা সাধারণ কাপড়ের ওপর পরবর্তীতে কারখানায় ব্লক প্রিন্ট, বাটিক বা সুতার এমব্রয়ডারি করে আধুনিক ফ্যাশনেবল শাল তৈরি করা হয়।
আকার ও ব্যবহার অনুযায়ী সাধারণ ও ফ্যাশনেবল শাল, নারীদের ব্যবহারের জন্য এগুলো সাধারণত প্রস্থে ২ থেকে ২.৫ হাত এবং দৈর্ঘ্যে ৪ থেকে ৫ হাত হয়ে থাকে। বড় বা কিং সাইজ চাদর, পুরুষদের বা গায়ে জড়িয়ে রাখার জন্য ৪ হাত চওড়া এবং ৭ থেকে ৯ ফুট লম্বা বড় আকারের চাদরও তৈরি করা হয়। ময়ূরকণ্ঠীসহ বিভিন্ন সাধারণ মানের শাল চাদরও এসব কারখানায় তৈরি হয়।
চাদরের গুণগত মান, জমিনের রঙবিন্যাস এবং হাতের কাজের সূক্ষ্মতার ওপর ভিত্তি করে এর মূল্যে রয়েছে ব্যাপক তারতম্য। বাজারে প্রকারভেদে একেকটি চাদর সর্বনিম্ন ৭০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত মূল্যে কেনাবেচা হয়ে থাকে।
স্থানীয় তাঁতশিল্পীদের অভিযোগ, সুতা ও রঙের মূল্য অনিয়ন্ত্রিতভাবে বাড়লেও শাল চাদর পাইকারি মূল্য সেই অনুপাতে বৃদ্ধি পায়নি। ফলে তাঁত মালিকদের পক্ষে শ্রমিকদের উপযুক্ত মজুরি দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই যৎসামান্য পারিশ্রমিক দিয়ে সংসার চালানো দুষ্কর হওয়ায় দক্ষ কারিগররা পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন।
সংশ্লিষ্টদের মতে, কেবল সরকারি প্রশিক্ষণ দিয়ে এই শিল্পের সুদিন ফেরানো সম্ভব নয় বরং সুতা সহ কাঁচামালের দাম প্রান্তিক তাঁতিদের ক্রয়ক্ষমতার মধ্যে আনা, পাওয়ার লুমের আগ্রাসন রোধ করা এবং উৎপাদকদের সরাসরি বাজার সুবিধা নিশ্চিত করা জরুরি। অন্যথায়, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বাঙালির হাজার বছরের এই সাংস্কৃতিক স্মারকটি অচিরেই বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তাঁত মালিকরা অভিযোগ করেছেন, উৎপাদন খরচ দিন দিন বাড়ছে, কিন্তু বাজারে চাদরের কাঙ্ক্ষিত দাম পাওয়া যাচ্ছে না। ফলে চলার মতো অবস্থা নেই। অনেক তাঁত শ্রমিকই মজুরি ঠিকমতো পাচ্ছেন না- যা পরিবারের জীবনযাত্রাকে প্রভাবিত করছে।
তাঁত মালিক আ.ছালাম জানান, সুতার দাম বৃদ্ধি পাওয়ার ফলে আগে একটা চাদরে যে পরিমাণ লাভ হতো এখন আর সেই পরিমাণ লাভ হয় না। কোন কোন তাঁতি ব্যাংক থেকে ঋণ নিয়ে অথবা সুদ হারে টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করে। ব্যাংকের লাভ এবং সুদের টাকা পরিশোধ করার পর তাঁতিদের খুব বেশি লাভ থাকে না। কোনরকমে শুধু পরিবার-পরিজন নিয়ে টিকে আছে। সুতার অগ্নিমূল্য, কাঁচামালের ঊর্ধ্বগতি, যান্ত্রিক পাওয়ার লুমের আগ্রাসন এবং সুদূরপ্রসারী বাজার ব্যবস্থাপনার অভাবে ৭০তাঁত মালিক ব্যবসা বন্ধ করে দিয়েছে। তিনি আরো জানান, ব্যবসা মন্দার কারণে ৩৬ টি তাতের মধ্যে ১৪ টি বন্ধ করে দিয়েছেন। বর্তমানে ২২টি তাত চলমান রয়েছে।
তাঁত মালিক মো.বাদল মিয়া জানান, বাংলাদেশের বিভিন্ন পর্যটন এলাকা যেমন কক্সবাজার, শ্রীমঙ্গল, সিলেট, রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন এলাকায় টাঙ্গাইলের তৈরি শাল চাদরের জনপ্রিয়তা বাড়ছে। সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করলে এবং টাঙ্গাইলের শাড়ির মতো টাঙ্গাইলের তৈরি শাল চাদর দেশের বাহিরে রপ্তানি করার ব্যবস্থা করলে টাঙ্গাইলের চাদর তৈরির কারখানা ভালোভাবে টিকে থাকতে পারত। তার ২টি কারখানায় ১৪টি তাত রয়েছে। তার মধ্যে পাওয়ারলুম ৮টি খটকা ৬টি চাদর তৈরি করেন। বর্তমান প্রতিকুল অবস্থার কারণে যে কোন সময় এসব কারখানাও বন্ধ হয়ে যেতে পারে।
কারিগর মাহিম,শিপন,শওকত,মনির,সানি,লালচান ও আহাদ জানান, অনেক বছর যাবত তারা কাজ করেন। প্রতি চাদরে তারা ২৫ টাকা মজুরি পায়। সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাওয়ারলুমে কাজ করলে ২০টা চাদর বুনতে পারেন। কিন্তু খটকা তাতে একজন শ্রমিক সারা দিনে সর্বোচ্চ ৬-৭টি চাদর বুনতে পারে। খটকা তাতের প্রতিটি চাদরে মজুরি পায় ৫০-৫৫ টাকা। এতে পরিবার পরিজন নিয়ে সংসার চালানো তাদের দুরহ হয়ে পড়েছে। একারণে অনেক শ্রমিক তাদের পেশা পরির্বতন করে অন্য পেশায় আগ্রহী হচ্ছে।
বাতাঁবো র টাঙ্গাইল (বাজিতপুর)বেসিক সেন্টার এর লিয়াজোঁ অফিসার জাহিদুর রহমান জানান, সুতাসহ শাল চাদর কারখানার কাচামালের মাত্রাতিরিক্ত মুল্য বৃদ্ধির কারণে প্রতিযোগিতামুলক বাজারে অনেক তাত কারখানার মালিক লোকসানে পড়ছে। ফলে অনেক কারখানার মালিকরাই তাত শিল্প বন্ধ করে অন্য পেশায় ঝুকছে। সরকারি সহযোগিতা থাকলেও তা তাত মালিকদের চাহিদার চেয়ে অপ্রতুল।এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা বাড়াতে হবে।
রিপোর্টার্স২৪/ঝুম