কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন ৩ নম্বর ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কুড়িগ্রামে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ডুংডুঙ্গির হাট বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মীসভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল গনি মিয়া।
কর্মীসভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা ওলামা দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আহাম্মদ হোসাইন। প্রধান বক্তা ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আব্দুল মালেক। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ফখরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় প্রধান বক্তা আব্দুল মালেক বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁরা আব্দুল গনি মিয়ার সঙ্গে রয়েছেন এবং তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সভাপতির বক্তব্যে মাওলানা আহাম্মদ হোসাইন বলেন, সবাই মিলে আব্দুল গনি মিয়াকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে চান। নির্বাচনে যেকোনো বাধা-বিপত্তি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল গনি মিয়া বলেন, জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন থেকে মাদক, দুর্নীতি, ছিনতাই ও রাহাজানি দূর করতে কাজ করবেন তিনি। তাঁর ভাষ্য, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে শুধু নিজে নন, ভোগডাঙ্গা ইউনিয়নের প্রতিটি নাগরিকই সমান মর্যাদা ও অধিকার পাবেন।
তিনি আরও বলেন, ইউনিয়নের সব মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সুযোগ-সুবিধা পেতে পারেন, তা নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে কোনো দালাল চক্রের সুযোগ থাকবে না বলেও আশ্বাস দেন তিনি।
কর্মীসভায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম