| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৬ ইং | ১৫:৫৩:৪৮:অপরাহ্ন  |  ২৮২ বার পঠিত
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের সব অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ অতিথি এবং সাধারণ মানুষের নিরাপত্তায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। নিরাপত্তা জোরদারে সিসি ও আইপি ক্যামেরা স্থাপন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত হয়।

এ লক্ষ্যে দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যসহ দেশি-বিদেশি ভিভিআইপি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও এর প্রবেশপথে পর্যাপ্তসংখ্যক সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

বিজয় দিবস উদযাপন ঘিরে সম্ভাব্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য এসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাকে অধিকতর সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।

শুধু জাতীয় স্মৃতিসৌধ নয়, রাজধানীর বঙ্গভবনে আয়োজিত বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানেও নেওয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহন তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের অন্যান্য অনুষ্ঠানস্থলেও নিরাপত্তা জোরদার করা হবে।

এদিকে বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে যানজট ও জনদুর্ভোগ এড়াতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্মৃতিসৌধসহ দেশের সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে। যাতে অগ্নিকাণ্ড বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা যায়।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪