| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুপুরের বিরতিতে কর্মকর্তা-কর্মচারী উধাও, তালাবদ্ধ রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ১৬:৪৫:১৯:অপরাহ্ন  |  ৪০৪ বার পঠিত
দুপুরের বিরতিতে কর্মকর্তা-কর্মচারী উধাও, তালাবদ্ধ রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

রাজবাড়ী প্রতিনিধি: সরকারি অফিসে দুপুরের খাবারের বিরতি থাকলেও সব কর্মকর্তা-কর্মচারী একসঙ্গে অফিসের বাইরে চলে গেলে ব্যাহত হয় সাধারণ মানুষের সেবা পাওয়ার সুযোগ। এমন পরিস্থিতির চিত্র দেখা গেছে রাজবাড়ী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে।দুপুরের বিরতিতে দপ্তরের নির্বাহী প্রকৌশলীর কক্ষসহ সব কর্মকর্তা-কর্মচারীর কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। অফিসের মূল ফটক খোলা থাকলেও ভেতরে কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। এতে জরুরি প্রয়োজনে দপ্তরে আসা সেবাপ্রত্যাশীদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় সরেজমিনে দপ্তরটিতে গিয়ে এমন চিত্র দেখা যায়। এ সময় নির্বাহী প্রকৌশলীর কক্ষসহ কার্যালয়ের সব কক্ষ তালাবদ্ধ ছিল। দপ্তরের মূল ফটক খোলা থাকলেও ভেতরে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি পাওয়া যায়নি। ফলে কার্যত অচল হয়ে পড়ে দপ্তরের দাপ্তরিক কার্যক্রম। তবে মূল ফটক দিয়ে প্রবেশের পর ভবনের বাইরে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায় কার্যালয়ের অফিস সহায়ক মো. ফিরোজ শরিফকে। এ সময় দপ্তরের অন্য কোনো কর্মকর্তা-কর্মচারীকে সেখানে দেখা যায়নি। প্রতিনিধি দুপুর ২টা থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত কার্যালয়ে অবস্থান করলেও বিরতিতে বাইরে যাওয়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে ওই সময়ের মধ্যে অফিসে ফিরতে দেখা যায়নি।

সরকারি বিভিন্ন সেবা ও প্রয়োজনে প্রতিদিনই সাধারণ মানুষকে এসব দপ্তরে আসতে হয়। বিশেষ করে জরুরি কোনো কাজে সেবাপ্রত্যাশীরা অফিসে এসে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের না পেলে তাঁদের অপেক্ষা করতে হয়, কখনোবা ফিরে যেতে হয়। এতে সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষকে অযথা ভোগান্তির শিকার হতে হয়।

সচেতন মহলের মতে, দুপুরের খাবারের বিরতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক অধিকার। তবে বিরতির সময় সব কর্মকর্তা-কর্মচারীর একযোগে অফিস ত্যাগ করা এবং দপ্তরের সব কক্ষ তালাবদ্ধ রাখার বিষয়টি জনসেবা প্রদানের ক্ষেত্রে প্রশ্নের জন্ম দেয়। সরকারি দপ্তরে সেবার ধারাবাহিকতা বজায় রাখতে বিরতির সময় অন্তত একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. আতিয়ার রহমান বলেন, “আমরা সব সচেতন মানুষ চাই, সরকারের প্রতিটি দপ্তর তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করুক। এটা নিশ্চিত করা না গেলে মানুষের ভোগান্তি থেকেই যাবে।”

এ বিষয়ে রাজবাড়ী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শেখ ফরিদ বলেন, “আজ আমার দপ্তরের দুজন কর্মকর্তা-কর্মচারী ছুটিতে ছিলেন। অন্যদের অফিসে থাকার কথা ছিল। তবে দুপুরে সবার একসঙ্গে অফিসের বাইরে থাকা এবং কক্ষগুলো তালাবদ্ধ রাখার বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও ভুল হয়েছে।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪