| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাল-সবজির বাজারে ঊর্ধ্বগতির চাপ, বাড়তি দামে দিশেহারা সাধারণ ক্রেতা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ১২:৫৫:২৭:অপরাহ্ন  |  ১২১৪৭ বার পঠিত
চাল-সবজির বাজারে ঊর্ধ্বগতির চাপ, বাড়তি দামে দিশেহারা সাধারণ ক্রেতা

রিপোর্টার্স২৪ ডেস্ক: শীতের আগমনী বার্তা প্রকৃতিতে অনুভূত হলেও তার প্রভাব এখনো পড়েনি নিত্যপণ্যের বাজারে। বাজারে নতুন নতুন শীতকালীন সবজি উঠতে শুরু করেছে, কিন্তু দাম কমার পরিবর্তে কয়েক ধরনের সবজির দাম আরও বেড়েছে। অন্যদিকে চালের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ফলে চাল, সবজি থেকে শুরু করে প্রতিদিনের খাদ্যপণ্য কিনতে গিয়ে বাড়তি খরচের চাপে পড়ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ, মূল্যবৃদ্ধির কারণ এবং ব্যবসায়ীদের মুনাফার প্রবণতা নিয়ে প্রশ্ন উঠলেও ভোক্তাদের স্বস্তি মিলছে না।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর খিলক্ষেত, আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজারের বিভিন্ন দোকান ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের এমন চিত্র পাওয়া গেছে।

চাল ব্যবসায়ীরা বলছেন, পুরোনো নাজিরশাইল চালের মজুত প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এ কারণে মিল পর্যায়ে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। তবে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে নতুন আমন ধান বাজারে আসতে শুরু করলে চালের দাম কমতে পারে বলে আশা করছেন তারা।

অন্যদিকে সবজি ব্যবসায়ীদের দাবি, বৃষ্টি ও পরিবহণ সমস্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে সবজির সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবং সরবরাহ স্বাভাবিক হলে শীতকালীন সবজির দাম কমার সম্ভাবনা রয়েছে। এদিকে সারাদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতিও কমেছে। ফলে আগের তুলনায় বিক্রি কম হচ্ছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।

বাজার বিশ্লেষকদের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে ব্যবসায়ীরা বিভিন্ন সময় নানা অজুহাত সামনে আনেন। এ ধরনের প্রবণতা নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। পাশাপাশি মিলগেট পর্যায়ে পণ্যের মূল্য প্রকাশ, সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত এবং অযৌক্তিক মুনাফা বন্ধে বাজার তদারকি আরও জোরদার করতে হবে।

বাজারে সবচেয়ে বেশি বেড়েছে নাজিরশাইল চালের দাম। গত ১৫ থেকে ২০ দিনের ব্যবধানে প্রতি কেজি নাজিরশাইল চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা। বর্তমানে রাজধানীর খুচরা বাজারে এ চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। দুই সপ্তাহ আগেও এর দাম কেজিপ্রতি প্রায় ৮৫ টাকার আশপাশে ছিল।

এদিকে বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া সরু জাতের মিনিকেট এবং মাঝারি মানের পায়জাম ও ব্রি-২৮-২৯ চালের দামও বেড়েছে। গত দুই সপ্তাহে মিনিকেট চালের দাম কেজিতে প্রায় ২ টাকা বেড়ে বর্তমানে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে মাঝারি মানের চাল কিনতে ক্রেতাদের প্রতি কেজিতে গুনতে হচ্ছে ৫৬ থেকে ৬২ টাকা।

তবে মোটা জাতের গুটি স্বর্ণা ও চায়না ইরি চালের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। এসব চালের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৪ টাকায়।

কারওয়ান বাজারের একজন খুচরা চাল বিক্রেতা জানান, ধানের মজুত প্রায় শেষ পর্যায়ে। এ কারণে পাইকারি বাজারে ২৫ কেজির নাজিরশাইল চালের বস্তায় ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

তিনি আরও বলেন, নভেম্বরের শেষ দিকে আমন ধান সংগ্রহ শুরু হওয়ার কথা রয়েছে। নতুন ধান থেকে চাল উৎপাদন করে বাজারে সরবরাহ করা হলে দাম কমে আসতে পারে।

তবে নাজিরশাইল চালের সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বাড়ার ব্যাখ্যা দিলেও মিনিকেট চালের মূল্যবৃদ্ধির সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি ব্যবসায়ীরা। তাদের কেউ কেউ মনে করছেন, নাজিরশাইল চালের দাম বাড়ার সুযোগ নিয়ে চালকল মালিকেরা মিনিকেটের দামও বাড়িয়েছেন।

অন্যদিকে চলতি বছর বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া পোলাও চালের মূল্য কিছুটা কমেছে। বর্তমানে খোলা পোলাও চালের কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। অথচ দুই মাস আগেও প্রতি কেজি পোলাও চালের দাম ২০০ টাকার বেশি ছিল। তবে প্যাকেটজাত পোলাও চালের দাম এখনো তুলনামূলক বেশি। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকায়।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত সরকারি গুদামগুলোতে চালের মজুত ছিল ১৭ লাখ টনের বেশি। গমসহ সব ধরনের খাদ্যশস্যের মোট মজুত দাঁড়িয়েছে প্রায় ২০ লাখ ৫১ হাজার ২৪৯ টন।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

সরকারি গুদামে উল্লেখযোগ্য পরিমাণ চালের মজুত থাকার পরও খুচরা বাজারে চালের দাম বাড়তে থাকায় ভোক্তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে চালের সরবরাহ ও মজুত পরিস্থিতি স্বাভাবিক থাকার পরও কেন বাজারে দাম বাড়ছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চালের পাশাপাশি রাজধানীর সবজির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ব্যবসায়ীদের ভাষ্য, সারাদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং দেশের বিভিন্ন এলাকার রাজনৈতিক পরিস্থিতির কারণে সবজি পরিবহণে সমস্যা তৈরি হয়েছে। এতে ঢাকার বাজারে সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে কয়েক ধরনের সবজির দামে।

বর্তমানে আকারভেদে প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকায়। মাত্র দুই দিন আগেও একই ফুলকপি পাওয়া যেত ২৫ থেকে ৩৫ টাকায়।

শিমের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে বর্তমানে শিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। বেগুনের দাম কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০ থেকে ৯০ টাকায়।

এ ছাড়া পটোল ও ঢ্যাঁড়শের দামও কেজিতে ১০ টাকা করে বেড়েছে। বর্তমানে এ দুটি সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে।

বাজারে নতুন আলুর দামও বেশ চড়া। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। অন্যদিকে পুরোনো আলু পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। তবে অন্যান্য কয়েক ধরনের সবজির দাম মোটামুটি আগের অবস্থায় রয়েছে।

রাজধানীর খিলক্ষেতে ভাসমান সবজি বিক্রি করেন করিম। তিনি জানান, কয়েক ধরনের সবজির পাঁচ কেজির পাল্লায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বৃষ্টির কারণে বাজারে ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে। তবে বেশি দামে সবজি কিনে এনে বিক্রি করতে না পারলে তাদের লোকসান গুনতে হচ্ছে।

কারওয়ান বাজারের একজন পাইকারি সবজি বিক্রেতা বলেন, বৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে দাঙ্গা-হাঙ্গামার কারণে সবজি পরিবহণকারী ট্রাকের সংখ্যা কমেছে। ফলে বাজারে সবজির সরবরাহ ব্যাহত হচ্ছে। সরবরাহ কমে গেলে স্বাভাবিকভাবেই দামের ওপর চাপ তৈরি হয়।

চাল ও সবজির বাজারে দাম বাড়লেও গত সপ্তাহের তুলনায় ডিম ও মুরগির বাজারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। অন্যদিকে ব্রয়লার মুরগির প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩১০ টাকায়।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন। তার মতে, বর্তমান পরিস্থিতিতে চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই।

তিনি বলেন, ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে নানা অজুহাত সামনে এনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেন। মূলত করপোরেট প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে বাজার চলে যাওয়ায় পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

তার অভিযোগ, এসব প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো পণ্যের দাম বাড়ালেও সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

সংশ্লিষ্টদের মতে, নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে শুধু সরবরাহ স্বাভাবিক রাখলেই হবে না, পাশাপাশি উৎপাদন, পাইকারি ও খুচরা পর্যায়ে দামের ব্যবধানও কঠোরভাবে নজরদারিতে রাখতে হবে। অন্যথায় চাল ও সবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের চাপ সামাল দিতে সাধারণ ভোক্তাদের ভোগান্তি আরও বাড়বে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪