টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের চারান বিল, চাপড়াবিল, মলাদহ, ঝাইতলা, বরকম, পুঁইটা, নেধারসহ বিভিন্ন খাল-বিল জলাধারে এখন সরালি হাসের কলকাকলিতে মুখরিত গ্রামীণ পরিবেশ । সরালি হাস ও দেশি-বিদেশি পাখির কিচিরমিচির ডাক ও ঝাঁক বেঁধে আকাশে ওড়ার বিমোহিত দৃশ্য দর্শনার্থীদের আকৃষ্ট করছে। অপরূপ এই দৃশ্য অবলোকন করতে প্রকৃতিপ্রেমীরা ভিড় জমাচ্ছে গ্রামীণ জনপদে।
অনেকেই সরালি হাঁসকে বিদেশি অতিথি পাখি মনে করলেও, পাতি সরালি মূলত বাংলাদেশেরই একটি আবাসিক জলচর পাখি। শীতকালে খাবারের সন্ধানে এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে এরা দল বেঁধে জলাশয়গুলোতে জড়ো হয়।
এরা সাধারণত শান্ত পরিবেশে পানিতে দলবেঁধে ভেসে বেড়ায় এবং জলজ উদ্ভিদ, কচি পাতা, শস্যদানা ও ছোট শামুক-ঝিনুক খেয়ে জীবন ধারণ করে। ওড়ার সময় এদের শিসের মতো মিষ্টি ডাক জলাশয়ের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।
সরেজমিনে দেখা যায়,ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বন্নাদিঘীতে ঝাঁক বেঁধে আকাশে ওড়ার বিমোহিত দৃশ্য দর্শনার্থীদের আকৃষ্ট করছে। অপরূপ এই দৃশ্য দেখতে প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে বন্নাদিঘীতে। এদিকে কালিহাতী উপজেলায় রৌহা শুকনি বিলেও এমন দৃশ্য চোখে পড়ে। শুকনি বিলের পাশে বিভিন্ন প্রজাতির গাছের ছোট একটি বাগানে শত শত বক পাখী বসবাস করে। সারাদিন দেখা মিলে না সন্ধার আগে কিচিরমিচির ডাক ও দল বেঁধে আসতে থাকে। সকাল হলেও খাবারের খোঁজে দল বেঁধে বিভিন্ন খাল-বিল জলাধারে চলে যায়।
জানা যায়, মৌসুমের শুরুতেই টাঙ্গাইলের বিভিন্ন বিল ও জলাশয়গুলো সরালি হাঁসসহ নানা প্রজাতির পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে। শীতকালে উষ্ণতার খোঁজে শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের জলাধারগুলোকে নিরাপদ আবাসস্থল হিসেবে বেছে নেয় পরিযায়ী পাখি। সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বিলগুলো শীত মৌসুমের অতিথিদের বরণ করে নিতে প্রস্তুত থাকে
বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত টাঙ্গাইলের জলাভূমিগুলোতে পাতি সরালি ও বড় সরালি হাঁসের ঝাঁক দেখা যায়।
জেলার বিলগুলোতে প্রতিবছরের মতো এবারও সরালী হাস ছাড়াও এসেছে হাজার হাজার পরিযায়ী পাখি। প্রতিদিন ভোরে কুয়াশার আঁচল ভেদ করে দল নিয়ে উড়ে চলা পাখির ডানার শো-শো শব্দ আর কলতানে ঘুম ভাঙে জলাধারের নিকটবর্তী বাসিন্দাদের। এবারও বিলের কচুরিপানা ও জলজ উদ্ভিদের মাঝে খোলা পানিতে জলকেলিতে মেতে উঠেছে পাখিরা।
টাঙ্গাইল জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ১ হাজার ৪৩ দশমিক ৫০ হেক্টর আয়তনজুড়ে ১২৮টি খাল, ৬ হাজার ৮০৮ দশমিক ৩৪ হেক্টর আয়তনজুড়ে ২৭৭টি বিল, ১ হাজার ১৫ দশমিক ৭৪০ হেক্টর আয়তনে ৮২টি জলাশয় রয়েছে। এছাড়া ৪৮ দশমিক ৩৩ হেক্টর আয়তনের ১৭২টি প্লাবন ভূমি আছে।
টাঙ্গাইলের ১২টি উপজেলার বিল, জলাশয় ও প্লাবন ভূমিতে শীত মৌসুমে দেশি পাখির সঙ্গে সরালি হাস এসে যোগ দেয়। বোরো ধানের খোলা মাঠে বা জলাধারের কিনারে অল্প পানিতে মাছ শিকারের জন্য ঝাঁকে ঝাঁকে কানিবক, গো-বক, ছোট সাদা বক, বেগুনি বক, বড় বক, নিশি বক, সরালি হাস,বালিহাঁস, পাতিহাঁস, লেজহাঁস, পেরিহাঁস, পানকৌড়ি, শামুককনা, গাঙ কবুতর, মানিকজোড়সহ নানা ধরনের দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি খেলা করে। পাখিরা রাতে সাধারণত আশপাশের গাছে আশ্রয় নেয়।
স্থানীয়দের অভিযোগ শিকারিরা ছোট মাছের পেটে বাসুডিন, ফুরাডান ও কার্বোটাফ নামে এক ধরনের বিষ ঢুকিয়ে খাল-বিল-জলাশয় ও প্লাবন ভূমির পাশে বা খোলা মাঠে ছিটিয়ে রাখেন। এটাকেই ‘বিষটোপ’ বলা হয়। এসব বিষ মেশানো মাছ খেয়ে দেশি-বিদেশি পাখিগুলো অচেতন হয়ে যায়। শিকারীরা পরে পাখায় ধরে নিয়ে হাটবাজার ও স্থানীয়দের কাছে বিক্রি করে দেন। এছাড়া পুঁটি মাছের পেটে বিষ দিয়েও নির্বিচারে বক পাখি শিকার করা হয়। মূলত, খাওয়ার জন্যই বক পাখি শিকার করা হয়। এছাড়াও, নাইলনের সুতোয় তৈরি ফাঁদ ও বাটাল (পাখি শিকারের জন্য এক ধরনের দেশীয় অস্ত্র বা খেলনা) দিয়েও সরালি হাস শিকার করা হচ্ছে।কেউ কেউ এসব পাখি শিকার করে স্থানীয় বাজারে চড়া দামে বিক্রি করছেন।
নাম প্রকাশ না করে একাধিক শিকারি জানান, প্রতিবছর শীত মৌসুমে শখের বসে খাল-বিল-জলাশয় ও প্লাবন ভূমি থেকে বিভিন্ন প্রজাতির বক, ঘুঘু, বালিহাঁস, পানকৌড়ি, শামুককনা শিকার করে থাকেন। এগুলো তারা বিষ জাতীয় দ্রব্য বা বাটালের মাধ্যমে শিকার করেন। শিকার করা বক পাখির আকার ভেদে প্রতিটি ৮০-১০০ টাকায় বিক্রি করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, পাখি শিকার ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। ১৯৭৪ সালের বন্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছরের জেল বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার কথা বলা হয়েছে। একই অপরাধ পুনরায় করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে।
বাংলাদেশ বন ভবনের বন সংরক্ষক ( বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন অঞ্চল) আর, এস,এম নুরুল ইসলাম জানান, টাঙ্গাইলে এ বিভাগের জন্য সুনিদিষ্ট কোন ইউনিট নেই। তবে বিভাগীয় বন কর্মকর্তা বিষয়টি দেখভাল করেন। বন্য প্রাণী সংরক্ষনে স্থানীয়দের মধ্যে জন সচেতনতা বৃদ্ধি করতে হবে।তবেই কর্তৃপক্ষের পাশা পাশি স্থানীয়দের সমম্বয়ে এসব অসাধু পাখী শিকারীদের হাত থেকে অতিথি পাখীদের সংরক্ষন করে পরিবেশ ও জীববৈচিত্র রক্ষা সম্ভব হবে।
রিপোর্টার্স২৪/ঝুম